আবারও বাড়তে পারে মোবাইল ফোনের দাম

প্রকাশঃ Aug 5, 2026 - 15:31
আবারও বাড়তে পারে মোবাইল ফোনের দাম

বিশ্বের অন্যতম শীর্ষ মোবাইল চিপ নির্মাতা কোয়ালকম আগামী ১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সেমিকন্ডাক্টর পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে প্রকাশিত কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলেও উৎপাদন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ শৃঙ্খলের চাপের ইঙ্গিত মিলেছে। ফলে আগামী প্রজন্মের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের খুচরা দাম বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এক বিজ্ঞপ্তিতে কোয়ালকম জানায়, গত কয়েক মাসে মেমোরি, সাবস্ট্রেটসহ বিভিন্ন কাঁচামালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)নির্ভর ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় সেমিকন্ডাক্টর বাজারে নতুন চাপ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে কোয়ালকমের প্রধান উৎপাদন অংশীদার তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-এর ওপরও চাপ বেড়েছে। অ্যাপল, এনভিডিয়া ও কোয়ালকমসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য চিপ উৎপাদন করে টিএসএমসি। যদিও প্রতিষ্ঠানটি উৎপাদন সক্ষমতা বাড়ানোর কাজ করছে, তবুও শিল্পসংশ্লিষ্টদের ধারণা, সরবরাহ সংকট ২০২৭ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, টিএসএমসি গ্রাহক ও অর্ডারের ধরন অনুযায়ী চিপ উৎপাদনের মূল্য ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। অতিরিক্ত উৎপাদন ব্যয় এবং মুনাফার মার্জিন ধরে রাখতেই কোয়ালকমও চিপের দাম বাড়ানোর পথে হাঁটছে বলে ধারণা করা হচ্ছে।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টিয়ানো অ্যামন বলেন, সরবরাহ শৃঙ্খলে ব্যয় বৃদ্ধি এবং বর্তমান বাজার পরিস্থিতির কারণে মূল্য সমন্বয় এখন অপরিহার্য হয়ে উঠেছে।

তিনি জানান, সর্বশেষ প্রান্তিকে কোয়ালকমের মোট রাজস্ব ৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে পৌঁছালেও মূল হ্যান্ডসেট চিপ খাতের আয় ২০ শতাংশ কমে ৫ দশমিক ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতাই এখন ফ্ল্যাগশিপ ডিভাইসের পরিবর্তে তুলনামূলক সাশ্রয়ী স্মার্টফোন বেছে নিচ্ছেন।

বাজার বিশ্লেষকদের মতে, কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরের ওপর স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাস, অনার, মটোরোলা এবং আসুসসহ অধিকাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা নির্ভরশীল। ফলে চিপের মূল্যবৃদ্ধির প্রভাব শেষ পর্যন্ত নতুন স্মার্টফোনের খুচরা দামেই পড়তে পারে। বিশেষ করে ২০২৬ সালের শেষ ভাগ এবং ২০২৭ সালের শুরুতে বাজারে আসা ফ্ল্যাগশিপ ও প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

-স্বাধীন দিগন্ত/ এমএ

আবারও বাড়তে পারে মোবাইল ফোনের দাম
লোগো
Aug 5, 2026

আবারও বাড়তে পারে মোবাইল ফোনের দাম

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta