বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ সংক্রান্ত খসড়া কনসেশন চুক্তির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করে নৌপরিবহন মন্ত্রণালয়।
সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)’ প্রকল্পের অধীনে টার্মিনালটি পরিচালিত হবে।
প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরটি ১৫ বছর এনসিটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ কনটেইনার হ্যান্ডলিং সুবিধাগুলোর একটি নিউ মুরিং কনটেইনার টার্মিনাল। তাই দীর্ঘ মেয়াদে বিদেশি অপারেটরের মাধ্যমে এর পরিচালনার বিষয়টি বন্দরের কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।
এদিকে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে বন্দর রক্ষা কমিটিসহ বিভিন্ন সংগঠন। এ দাবিতে তারা মশাল মিছিল, গোলটেবিল বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছে।
এ বিষয়ে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউ মুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হলে বিষয়টি শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। এর সঙ্গে রাজনৈতিক, সামরিক ও সার্বভৌমত্বের প্রশ্নও জড়িত।
তিনি বলেন, বন্দরের পরিচালন দক্ষতা বাড়ানোর জন্য বিদেশি কোম্পানির ওপর নির্ভর করার প্রয়োজন নেই। বরং কাস্টমস, আমলাতন্ত্র ও অবকাঠামোর সংস্কারের পাশাপাশি দেশীয় সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আনু মুহাম্মদের ভাষায়, ‘বিদেশি কোম্পানি আনার অর্থটা শুধু অর্থনৈতিক নয়, এটার যে রাজনৈতিক–সামরিক মাত্রাটাও আছে, সেটাও আমাদের খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।’
অন্যদিকে, একই বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসির মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে সারটি আমদানি করা হবে। রাশিয়ার জেএসসি শচেকিনোআজট হবে ইউরিয়া সারের প্রস্তুতকারক।
-স্বাধীন দিগন্ত/এমএ
বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল

