সিগারেট-মোবাইল-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
সিগারেট, মোবাইল ফোন, ওষুধ ও ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, যেসব খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে সেগুলো হলো সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।
এনবিআরের আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ দেওয়া ক্ষমতাবলে এসব খাতে অনলাইনে দাখিলপত্র জমা বাধ্যতামূলক করা হয়েছে।
আদেশ অনুযায়ী, উল্লেখিত পণ্যের উৎপাদনকারী এবং সংশ্লিষ্ট সেবা খাতের সরবরাহকারীদের এনবিআরের eVAT পোর্টালের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে।
এতে আরও বলা হয়েছে, কোনো নিবন্ধিত ব্যক্তি তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গেও যুক্ত থাকলে তার ক্ষেত্রেও এ আদেশ কার্যকর হবে।
এনবিআর জানিয়েছে, অনলাইনে দাখিলপত্র জমা বাধ্যতামূলক করার বিষয়ে এর আগে জারি করা কোনো আদেশ থাকলে নতুন আদেশ কার্যকরের পর সেগুলো বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী এ আদেশে উল্লেখিত খাতের তালিকায় যেকোনো সময় সংযোজন বা বিয়োজন করার ক্ষমতা এনবিআর সংরক্ষণ করেছে।
আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।
-স্বাধীন/এমএ
সিগারেট-মোবাইল-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

