বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন মাসের মধ্যে সর্বোচ্চ
বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। মার্কিন ডলারের দুর্বল অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন কোনো ইঙ্গিতের অপেক্ষায় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় মূল্যবান এই ধাতুর দাম ঊর্ধ্বমুখী হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে দাম ১৫ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়।
এদিকে বিশ্ববাজারে মার্কিন ডলার কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি দীর্ঘমেয়াদি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ডলার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সাধারণত ডলারের দাম কমলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে যায়। এতে স্বর্ণের চাহিদা বাড়ার সম্ভাবনা তৈরি হয়।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, সপ্তাহের শুরুতেই স্বর্ণের বাজার আবার শক্তিশালী অবস্থানে ফিরেছে। দুর্বল ডলারের পাশাপাশি উচ্চ বন্ড ফলন অর্থনীতির চাপ এবং নীতিগত অনিশ্চয়তার কী ইঙ্গিত দিচ্ছে, সেটিও বিনিয়োগকারীরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
বাজার বিশ্লেষকদের ধারণা, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান যদি সুদের হার নিয়ে সতর্ক ও নমনীয় অবস্থানের ইঙ্গিত দেন, তাহলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। কারণ সুদের হার কমার সম্ভাবনা তৈরি হলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ সাধারণত বেড়ে যায়।
ভূরাজনৈতিক উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়ায় নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা শক্তিশালী রয়েছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও কিছুটা পরিবর্তন দেখা গেছে। স্পট রুপার দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলারে রয়েছে। প্লাটিনামের দাম ০.১ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলার। আর প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৩৫০ ডলারে অবস্থান করছে।
-স্বাধীন/ এমএ
বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন মাসের মধ্যে সর্বোচ্চ

