নেছারাবাদে শিক্ষক বদলি কমিটিতে উম্মে সালমা ও কাজী কামাল
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা সহকারী শিক্ষক বদলি কমিটিতে সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ভাইয়ের সহধর্মিণী অধ্যাপিকা উম্মে সালমা ও স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মোহাম্মদ কামাল হোসেনকে সম্মানিত সদস্য করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। দুজনকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ ও আনন্দের সৃষ্টি হয়।
দায়িত্ব পাওয়ার পর অধ্যাপিকা উম্মে সালমা বলেন, “আমি সর্বপ্রথম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রতিমন্ত্রী মহোদয়কে। আমাকে এমন একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক দায়িত্বে সম্পৃক্ত করায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর সুমনের প্রতি গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। অর্পিত দায়িত্বের মর্যাদা রক্ষা করে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব।”
কাজী মোহাম্মদ কামাল হোসেন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমার ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত করায় মাননীয় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমনের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি যে আস্থা আমার ওপর রেখেছেন, দায়িত্ব পালনের মাধ্যমে তার মর্যাদা রাখার চেষ্টা করব। শিক্ষক বদলি কার্যক্রমে ন্যায়, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের অনেকে বলেন, শিক্ষক বদলি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ কমিটিতে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয়ভাবে পরিচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের প্রত্যাশা, কমিটি শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ন্যায়সংগত ও স্বচ্ছভাবে দায়িত্ব পালন করবে।
স্থানীয় বিএনপি পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় কাজী মোহাম্মদ কামাল হোসেনকে দায়িত্ব দেওয়ার বিষয়টিও স্থানীয়দের মধ্যে আলোচিত হয়েছে। অন্যদিকে, অধ্যাপিকা উম্মে সালমাকে এর আগে স্বরূপকাঠি ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি করায় এবং শিক্ষানুরাগী ও শিক্ষার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করায় শিক্ষক ও অভিভাবকদের অনেকে সন্তোষ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটি শিক্ষক বদলি কার্যক্রমে স্বচ্ছতা, ন্যায়সংগত সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে।
-স্বাধীন/এমএ
নেছারাবাদে শিক্ষক বদলি কমিটিতে উম্মে সালমা ও কাজী কামাল

