ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে নিহত ৬

প্রকাশঃ Sep 15, 2026 - 00:41
ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে নিহত ৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ আগুনের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এছাড়া অজ্ঞাতপরিচয় এক শিশুও এ ঘটনায় মারা গেছে।

সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে নতুন ভবনের একটি দীর্ঘদিনের অকেজো লিফট থেকে আগুনের সূত্রপাত হয়। লিফটটি বেশ কিছুদিন ধরে ব্যবহারের বাইরে ছিল এবং এর ভেতরে ময়লা-আবর্জনা জমে ছিল।

খবর পেয়ে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানান, লিফটটি দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় ছিল। ভেতরে জমে থাকা ময়লা-আবর্জনা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

অগ্নিকাণ্ডের পর ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়লে হাসপাতালের নতুন ভবনে থাকা রোগী, স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত নিচে নামার চেষ্টা করেন। এ সময় সিঁড়িতে ব্যাপক ভিড় ও হুড়োহুড়ির সৃষ্টি হলে পদদলনের ঘটনা ঘটে। এতে কয়েকজন গুরুতর আহত হন এবং পরে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন তলায় থাকা মানুষজন একযোগে নিচে নামতে শুরু করেন। এতে সিঁড়ি ও বের হওয়ার পথে প্রচণ্ড ভিড় তৈরি হয়। আতঙ্কের মধ্যে অনেকে পড়ে গেলে তাদের ঘিরে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পদদলনের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।

ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখছেন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

-স্বাধীন/এমএ

ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে নিহত ৬
লোগো
Sep 15, 2026

ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে নিহত ৬

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta