কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাস দুমড়েমুচড়ে, নিহত ৪

প্রকাশঃ Sep 13, 2026 - 11:26
কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাস দুমড়েমুচড়ে, নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। নিহত ও আহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ির পথে ছিলেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. ফেরদৌস আলম (৫), মিফতাহ (১৭) ও মাইক্রোবাসচালক মুন্না (৪০) রয়েছেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহের দিকে যাচ্ছিলেন তারা। পথে শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির সরাসরি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসচালক মুন্নাসহ আরও দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ পায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন মারা যান। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে গাড়িটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

-স্বাধীন/এস

কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাস দুমড়েমুচড়ে, নিহত ৪
লোগো
Sep 13, 2026

কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাস দুমড়েমুচড়ে, নিহত ৪

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta