নেছারাবাদে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং সেবা প্রচার কার্যক্রম
মো:মুহিদুল ইসলাম: নেছারাবাদ (স্বরূপকাঠি) প্রতিনিধি:পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় গ্রাহকদের আধুনিক, সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবার আওতায় আনতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং সেবা প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১১.৩০টায় উপজেলার জগন্নাথকাঠি বন্দরের পৌর মার্কেটের সম্মুখে এ প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জগন্নাথকাঠি বন্দরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচার কার্যক্রমে পূবালী ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবার বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করেন। তারা জানান, পূবালী ব্যাংকিং অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর (Bangla QR) ব্যবহার করে সহজে, দ্রুত ও নিরাপদে ডিজিটাল লেনদেন করা সম্ভব। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের জন্য এ সেবা স্মার্ট ও ঝামেলামুক্ত লেনদেন নিশ্চিত করবে। এ সময় আগ্রহী গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এবং ব্যবসায়ীদের জন্য পিওএস (POS) ও বাংলা কিউআর আবেদনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করা হয়। পূবালী ব্যাংক কর্তৃপক্ষ জানান, দেশে প্রতিদিনই ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল আর্থিক সেবার বিস্তারের মাধ্যমে গ্রাহকদের সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নিরাপদ লেনদেন নিশ্চিত হচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ক্যাশলেস ব্যাংকিং সেবার প্রসারের ফলে ব্যবসায়িক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।
নেছারাবাদে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং সেবা প্রচার কার্যক্রম

