নৌকায় ভাসে বাজার, চার ঘণ্টায় কোটি টাকার বেচাকেনা

প্রকাশঃ Sep 27, 2026 - 16:24
নৌকায় ভাসে বাজার, চার ঘণ্টায় কোটি টাকার বেচাকেনা

পূর্বাকাশে সূর্যের আলো ফোটার আগেই সারি সারি নৌকা এসে ভিড়তে শুরু করে বেলুয়া নদীতে। কোনো নৌকায় টাটকা শাকসবজি, কোনো নৌকায় কৃষিপণ্য, আবার কোনো নৌকাই যেন হয়ে ওঠে ভাসমান দোকান। নৌকা থেকে নৌকায় চলে দরদাম, কেনাবেচা। কয়েক ঘণ্টার জন্য নদীর বুকেই জমে ওঠে ব্যতিক্রমী এক বাজার।

এটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটার ভাসমান হাট। সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার বেলুয়া নদীতে বসে এ হাট। চার ঘণ্টার এই বাজারে প্রতি হাটে প্রায় কোটি টাকার পণ্য কেনাবেচা হয় বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। তরমুজের মৌসুমে বেচাকেনার পরিমাণ বেড়ে দেড় থেকে দুই কোটি টাকা পর্যন্ত পৌঁছায়।

ভৌগোলিক অবস্থানের কারণে নৌকাই এখানকার মানুষের অন্যতম প্রধান বাহন। আশপাশের কৃষকেরা নৌকায় করে নিয়ে আসেন নিজেদের উৎপাদিত শাকসবজি ও বিভিন্ন কৃষিপণ্য। আর ক্রেতারাও নৌকা নিয়ে আসেন পণ্য কিনতে। ফলে পুরো হাটটিই হয়ে ওঠে নৌকাকেন্দ্রিক এক ব্যতিক্রমী বাজার।

এখানে শুধু টাটকা সবজি নয়, পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজির চারা, শস্য ও কৃষিকাজে ব্যবহৃত নানা উপকরণ। স্থানীয়ভাবে উৎপাদিত এসব পণ্য কিনে নেন পাইকাররা। পরে নৌকা ও ট্রলারে করে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে নিয়ে যাওয়া হয়।

হাট ঘুরে দেখা যায়, কোথাও নৌকা ভর্তি মিষ্টি কুমড়া, কোথাও শাকসবজি। আবার কোনো নৌকায় বিক্রি হচ্ছে পান, সকালের নাশতা কিংবা ভাত। কৃষিপণ্যের পাশাপাশি শ্যাওলা ও দুলালী লতার মতো কৃষিকাজে ব্যবহৃত উপকরণও এখানে বিক্রি হয়।

নাজিরপুরের পাশাপাশি পিরোজপুরের নেছারাবাদ ও বরিশালের বানারীপাড়ার বিভিন্ন এলাকার কৃষক ও ব্যবসায়ীরা নৌকায় করে পণ্য নিয়ে আসেন এ হাটে। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও পাইকারেরা এখানে আসেন কৃষিপণ্য কিনতে।

কৃষিপণ্য বিক্রেতা ৫৬ বছর বয়সী জালাল উদ্দিন বলেন, “এই বাজারে দূর-দূরান্ত থেকে মানুষ ব্যবসা করতে আসে। সপ্তাহে দুদিন হাট বসে। ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলে। কৃষকেরা নৌকায় করে বিভিন্ন সবজি নিয়ে আসেন। পাইকারেরা সেগুলো কিনে ট্রলারে করে বিভিন্ন অঞ্চলে নিয়ে যান।”

ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, “এই ভাসমান হাটে কাঁচামাল থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। আমি অনেক সবজি কিনেছি। ট্রলারে করে নিয়ে গিয়ে আমার বাড়ির কাছের একটি হাটে বিক্রি করব।”

হাটে শ্যাওলা বিক্রি করেন রাজীব শেখ। তিনি বলেন, “পার্শ্ববর্তী মোল্লারহাট এলাকা থেকে শ্যাওলা নিয়ে আসি। শ্যাওলার কুড়ি দেড়শ টাকা করে বিক্রি করি। মোটামুটি বেচাবিক্রি করে সংসার চালাতে পারি।”

নৌকা ভর্তি মিষ্টি কুমড়া নিয়ে হাটে এসেছেন কৃষক রুহুল আমিন। তিনি বলেন, “অনেকগুলো মিষ্টি কুমড়া নিয়ে এসেছি বিক্রির জন্য। কয়েকজন দাম বলেছেন, তবে এখনো বিক্রি করিনি। যে ভালো দাম দেবে, তার কাছেই বিক্রি করব। এর আগের হাটে কচু নিয়ে এসেছিলাম।”

‘বাংলার ভেনিস’

বেলুয়া নদীকেন্দ্রিক এই বাজারব্যবস্থার সঙ্গে ইতালির ভেনিস শহরের জলপথকেন্দ্রিক জীবনযাত্রার মিল খুঁজে পান স্থানীয়রা। এ কারণে বৈঠাকাটার ভাসমান হাটকে অনেকে ‘বাংলার ভেনিস’ নামে অভিহিত করেন।

স্থানীয় বাসিন্দা জালিস হাওলাদার বলেন, “এই বাজার বাংলার ভেনিস হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। বিদেশি পর্যটকেরাও আসেন। তবে পর্যটকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। রাস্তাঘাট ও আবাসন সুবিধা উন্নত করা গেলে পর্যটক আরও বাড়বে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানও বাড়বে।”

পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, ভাসমান এই হাটকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বেচাকেনা হয়। এখানে নারকেল, তরমুজ, শাকসবজি, সবজির চারা ও বিভিন্ন কৃষিপণ্য বিক্রি হয়। পাশাপাশি সবজি উৎপাদনে ব্যবহৃত শ্যাওলা, দুলালী লতাসহ বিভিন্ন উপকরণও পাওয়া যায়।

তিনি আরও বলেন, খুব ভোরে পাইকারেরা হাটে এসে কৃষকদের কাছ থেকে পণ্য কিনে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যান।

ভাসমান এই হাটকে ঘিরে বৈঠাকাটায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি বাজারও গড়ে উঠেছে। কৃষিপণ্য কেনাবেচার পাশাপাশি অনন্য এই জলকেন্দ্রিক বাজার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা আসেন। বিদেশি পর্যটকদের কাছেও এটি হয়ে উঠেছে আকর্ষণীয় একটি স্থান।


-স্বাধীন/এস

নৌকায় ভাসে বাজার, চার ঘণ্টায় কোটি টাকার বেচাকেনা
লোগো
Sep 27, 2026

নৌকায় ভাসে বাজার, চার ঘণ্টায় কোটি টাকার বেচাকেনা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta