অটোরিকশা-বাস শ্রমিক দ্বন্দ্ব,নওগাঁয়  বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশঃ Sep 30, 2026 - 15:09
অটোরিকশা-বাস শ্রমিক দ্বন্দ্ব,নওগাঁয়  বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনায় দুই দিন বাস চলাচল বন্ধ থাকার পর এক দিন স্বাভাবিক হয়েছিল নওগাঁর সড়ক যোগাযোগ। তবে অটোরিকশাচালকদের সঙ্গে নতুন করে দ্বন্দ্বের জেরে আবারও বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণসহ সব রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন বাস শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে দাবি আদায়ের লক্ষ্যে ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনার পর জেলার অভ্যন্তরীণসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছিল।

নতুন করে ধর্মঘট

শ্রমিকদের দাবি, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নওগাঁর বদলগাছীতে একটি যাত্রীবাহী বাস গেলে সিএনজিচালিত অটোরিকশার চালকরা বাসচালককে মারধর করেন। এর প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জসহ জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

হঠাৎ বাস ধর্মঘটের কারণে গন্তব্যে যেতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প যানবাহনে তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, পাশাপাশি নষ্ট হচ্ছে মূল্যবান সময়।

আগের ঘটনার জেরে শুরু হয়েছিল ধর্মঘট

এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাস শ্রমিকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জেরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধরের অভিযোগ ওঠে সিএনজিচালকদের বিরুদ্ধে। গুরুতর আহত রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনার বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার চলাচল বন্ধের দাবিতে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিকরা। পরে প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনার পর মঙ্গলবার বাস চলাচল স্বাভাবিক হয়েছিল।

শ্রমিকদের অভিযোগ

বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার শহরের বাইরে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহনের কথা নয়।

তবে এই নিয়ম অমান্য করে আঞ্চলিক মহাসড়কে এসব যান চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ও বাস শ্রমিকদের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটছে বলে দাবি তাদের। মহাসড়কে থ্রি-হুইলারের চলাচল বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

যাত্রীদের ভোগান্তি

রাজশাহীগামী যাত্রী সবুজ হোসেন বলেন, স্ত্রীকে চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। এখন এত দূরের পথ কীভাবে যাবেন, তা নিয়ে বিপাকে পড়েছেন তিনি। বিকল্প হিসেবে সিএনজিচালিত অটোরিকশায় কয়েক গুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পোরশা থেকে আদালতে হাজিরা দিতে আসা যাত্রী তারিক হোসেন বলেন, সকালে বাড়ি থেকে বের হওয়ার পর বাস বন্ধের কথা জানতে পারেন। আদালতে হাজিরা থাকায় বাধ্য হয়ে তিন দফায় বিকল্প যানবাহন ব্যবহার করে গন্তব্যে পৌঁছেছেন। এতে স্বাভাবিকের চেয়ে প্রায় ১০০ থেকে ১৫০ টাকা বেশি ভাড়া দিতে হয়েছে এবং অনেক সময়ও নষ্ট হয়েছে।

দ্রুত বাস চলাচল স্বাভাবিকের চেষ্টা

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনার পর যেসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল, সেগুলো লিখিতভাবে দেওয়া হয়নি। এ কারণে সাধারণ শ্রমিকরা কোনো ভরসা পাচ্ছেন না। সিদ্ধান্তগুলো লিখিত আকারে দেওয়া হলে বুধবার থেকেই বাস চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্বের কারণে বাস চলাচল স্বাভাবিক হচ্ছে না। শ্রমিকদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। বাস চলাচল স্বাভাবিক করতে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


-স্বাধীন/এস

অটোরিকশা-বাস শ্রমিক দ্বন্দ্ব,নওগাঁয়  বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা
লোগো
Sep 30, 2026

অটোরিকশা-বাস শ্রমিক দ্বন্দ্ব,নওগাঁয়  বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta