কুষ্টিয়ায় পরিবহনের চাপায় নারীসহ নিহত ২

প্রকাশঃ Oct 1, 2026 - 15:46
কুষ্টিয়ায় পরিবহনের চাপায় নারীসহ নিহত ২

কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের বাসের চাপায় পাখিভ্যানের এক নারী যাত্রী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত নারীর মেয়ে হাসিনা গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের সদরপুর ইউনিয়নের আমতলা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী ভানুমতি (৫৫) এবং মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে ভ্যানচালক কামরুল ইসলাম।

ভ্যানের এক্সেল ভেঙে দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন যাত্রী নিয়ে একটি পাখিভ্যান সড়ক দিয়ে যাচ্ছিল। পথে ভ্যানটির এক্সেল ভেঙে সেটি সড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস এসে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় পাখিভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভানুমতি নিহত হন। তাঁর মেয়ে হাসিনা ও ভ্যানচালক কামরুল ইসলাম গুরুতর আহত হন।

খবর পেয়ে আমলা পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভানুমতির মরদেহ উদ্ধার করেন। আহত হাসিনা ও কামরুল ইসলামকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠান।

পরে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক কামরুল ইসলাম মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

-স্বাধীন/এস

কুষ্টিয়ায় পরিবহনের চাপায় নারীসহ নিহত ২
লোগো
Oct 1, 2026

কুষ্টিয়ায় পরিবহনের চাপায় নারীসহ নিহত ২

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta