গাইবান্ধায় ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশঃ Sep 30, 2026 - 11:15
গাইবান্ধায় ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধায় অবৈধভাবে ইউরিয়া সার আমদানি করে মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর ১৫০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম।

এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারজানি বন্দরে অভিযানটি পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদাত ফাহিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম সানোয়ার মুন্সী। তিনি কামারজানি বন্দরের একজন কীটনাশক ব্যবসায়ী।

কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সানোয়ার মুন্সীর গুদামে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদন ছাড়া বাইরে থেকে সার আমদানি করে মজুত ও বিক্রির অভিযোগে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে গুদামে মজুত থাকা ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। অভিযানে কৃষি বিভাগের একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের হেনস্তার অভিযোগ

এদিকে অভিযান চলাকালে স্থানীয় কয়েকজন সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে সময় টিভির গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলাম ও ক্যামেরাপারসন সোহেল রানাকে ঘিরে ধরতে দেখা যায়। এ সময় তাদের সঙ্গে ধাক্কাধাক্কি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টার দৃশ্যও দেখা যায়।

সাংবাদিকদের হেনস্তার বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম বলেন, ঘটনাস্থলে সাংবাদিকদের হেনস্তার সময় তারা উপস্থিত ছিলেন। তবে কৃষি বিভাগের কর্মকর্তাদের ওপর কোনো হামলা বা মব করা হয়নি।

তিনি বলেন, নিয়মের বাইরে গিয়ে বাইরে থেকে অবৈধভাবে সার নিয়ে আসার অভিযোগে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার গুদামে মজুত থাকা ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিম বলেন, অননুমোদিত ব্যবসায়ী হয়েও বিপুল পরিমাণ সার মজুত ও বিক্রির দায়ে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং সারগুলো জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি।


-স্বাধীন/এস

গাইবান্ধায় ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
লোগো
Sep 30, 2026

গাইবান্ধায় ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta