চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৪ যাত্রী নিহত, আহত ৫

প্রকাশঃ Aug 13, 2026 - 15:27
চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৪ যাত্রী নিহত, আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল।

নিহতরা হলেন—চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসীম উদ্দিন (২৫), খুটাখালীর ফুলছড়িস্থ শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মোহাম্মদ শাহেদ (২৭), খুটাখালীর নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫) এবং পার্শ্ববর্তী ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮)।

আহতরা হলেন—খুটাখালীর নতুন অফিস মাদরাসাপাড়ার আবদুল সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), মেদাকচ্ছপিয়া গ্রামের বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫), ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), তার ছেলে মোহাম্মদ সরোয়ার (১৯) এবং টেকনাফ উপজেলার কিরনতলী গ্রামের রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে আরও তিনজনের মৃত্যু হয়।

ডুলাহাজারার মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোর থেকে এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি এসি বাস খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ঈদগাঁও উপজেলা থেকে চকরিয়ামুখী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে লেগুনাটির ছাদ পর্যন্ত উপড়ে যায়। এতে গাড়িতে থাকা নয়জন যাত্রীই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

মালুমঘাট হাইওয়ে থানার এসআই মো. শামছুজ্জামান জানান, দুর্ঘটনায় লেগুনার নয় যাত্রীর মধ্যে চারজন মারা গেছেন। আহত পাঁচজন বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ক্রেন দিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৪ যাত্রী নিহত, আহত ৫
লোগো
Aug 13, 2026

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৪ যাত্রী নিহত, আহত ৫

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta