ইউনিয়ন পরিষদ শক্তিশালী করতে বরিশাল বিভাগের জনপ্রতিনিধি ও উদ্যোক্তাদের নানা দাবি

প্রকাশঃ Aug 20, 2026 - 21:23
ইউনিয়ন পরিষদ শক্তিশালী করতে বরিশাল বিভাগের জনপ্রতিনিধি ও উদ্যোক্তাদের নানা দাবি

বরিশাল বিভাগের বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও উদ্যোক্তারা ইউনিয়ন পরিষদকে আরও শক্তিশালী, কার্যকর ও জনবান্ধব করতে সম্মানী-ভাতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন। একই সঙ্গে গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের সম্মানী ভাতা বৃদ্ধিরও দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সরকার কাঠামোর প্রশাসনিক স্তরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে যার গোড়াপত্তন হয়। প্রতিষ্ঠার পর থেকেই ইউনিয়ন পরিষদ এলাকার রাস্তাঘাট, স্যানিটেশন, জনসেবা, আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

জনপ্রতিনিধিদের মতে, ইউনিয়ন পরিষদকে আরও শক্তিশালী করতে হলে জনগণের কাছে পরিষদের দায়বদ্ধতা ও আস্থা অর্জন করতে হবে। পাশাপাশি পরিষদের কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি জনগণের অংশগ্রহণও বাড়াতে হবে।

তারা বলেন, ইউনিয়ন পরিষদের স্থানীয় আয়ের অন্যতম প্রধান উৎস হলো গৃহ ও জমির ওপর ধার্য করা কর। নিয়মিত কর আদায় এবং এ বিষয়ে জনগণকে সচেতন করা হলে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় বাড়বে। এ জন্য ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক সভা, মাইকিং ও প্রচার-প্রচারণা জোরদার করা প্রয়োজন।

জনপ্রতিনিধিরা আরও বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমে কাবিখা, টিআর, কাবিটা ও ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব বরাদ্দ সুষম বণ্টন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

স্থানীয় সরকার মন্ত্রীর কাছে তারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের সম্মানী ভাতা বাড়ানোরও দাবি জানান তারা।

জনপ্রতিনিধিদের ভাষ্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, প্যানেল চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও উদ্যোক্তারা সরাসরি জনগণের সঙ্গে কাজ করেন। তাদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে দায়িত্ব পালনে আরও উৎসাহ বাড়বে এবং জনগণের সেবার মানও উন্নত হবে।

সম্মানী ভাতা বৃদ্ধিসহ ইউনিয়ন পরিষদ শক্তিশালী করার দাবিতে যারা কথা বলেছেন, তাদের মধ্যে রয়েছেন—মেহেন্দীগঞ্জের বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম, আগৈলঝাড়ার বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল হায়দার, কাঠালিয়ার আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নকিব, পটুয়াখালীর দুমকির শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার, মির্জাগঞ্জের সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, বরগুনা সদরের নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ, আয়লাপাতাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ভোলার দৌলতখানের চরপাতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সবুজ তালুকদার, চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন হাওলাদার, পিরোজপুরের নাজিরপুরের দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম বাবুল এবং ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার পারেরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজ্জাক হাওলাদার।

তারা সম্মিলিতভাবে বলেন, “আমরা চেয়ারম্যান হতে আসিনি, জনপ্রতিনিধি হতে আসিনি। আমরা জনগণের কল্যাণে অবদান রেখে সারাটি জীবন জনগণের জন্য সেবা করে একজন সেবক হিসেবে বেঁচে থাকতে চাই।”

তাদের দাবি, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করে ইউনিয়ন পরিষদকে আরও শক্তিশালী করা হলে স্থানীয় পর্যায়ে জনগণের দোরগোড়ায় সেবার মান আরও উন্নত ও কার্যকর হবে।

-স্বাধীন/ এমএ

ইউনিয়ন পরিষদ শক্তিশালী করতে বরিশাল বিভাগের জনপ্রতিনিধি ও উদ্যোক্তাদের নানা দাবি
লোগো
Aug 20, 2026

ইউনিয়ন পরিষদ শক্তিশালী করতে বরিশাল বিভাগের জনপ্রতিনিধি ও উদ্যোক্তাদের নানা দাবি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta