বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়-গুলি পাঠিয়ে হত্যার হুমকি
সাভারের আশুলিয়ায় বিএনপির এক নেতার বাড়িতে কাফনের কাপড়, তাজা গুলি ও হত্যার হুমকি সংবলিত চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) ভোরে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই ও জামগড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু তালেব।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভোর ৫টা ১০ মিনিটের দিকে এক ব্যক্তি ইসমাইল হোসেন মোল্লার বাড়ির প্রধান ফটকের সামনে একটি ব্যাগ রেখে দ্রুত চলে যান। পরে পরিবারের সদস্যরা ব্যাগটি খুলে একটি টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপজল, গোসলের সাবান ও হাতে লেখা একটি হুমকির চিঠি দেখতে পান।
চিঠিতে ইসমাইল হোসেন মোল্লাকে উদ্দেশ করে সতর্ক করা হয় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে। চিঠির শেষ দিকে প্রেরক হিসেবে লেখা ছিল—‘ইতি, অদৃশ্য মুসাফির।’
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘ভোররাতে অজ্ঞাত এক ব্যক্তি ব্যাগটি গেটে রেখে যায়। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ায় একটি কুচক্রী মহল আমাকে ও আমার পরিবারকে ভয় দেখানো এবং নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এই ন্যক্কারজনক কাজ করেছে।’
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমকি সংবলিত চিঠি, কাফনের কাপড় ও গুলিসহ বিভিন্ন আলামত জব্দ করে।
আশুলিয়া থানার এসআই ও জামগড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু তালেব বলেন, ‘সংবাদ পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।’
-স্বাধীন দিগন্ত/ এমএ
বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়-গুলি পাঠিয়ে হত্যার হুমকি

