৬৪ বছরেও অডিটোরিয়াম নেই ভোলা সরকারি কলেজে, মাঠেই চলে অনুষ্ঠান

প্রকাশঃ Sep 27, 2026 - 11:04
৬৪ বছরেও অডিটোরিয়াম নেই ভোলা সরকারি কলেজে, মাঠেই চলে অনুষ্ঠান

দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজ। প্রতিষ্ঠার ৬৪ বছর পেরিয়ে গেলেও কলেজটিতে এখনো নির্মিত হয়নি কোনো অডিটোরিয়াম। ফলে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে কিংবা কলেজ মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের।

এতে একদিকে যেমন অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে বৃষ্টি কিংবা তীব্র রোদের মধ্যেই বিভিন্ন জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন করতে হচ্ছে। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

৯ হাজারের বেশি শিক্ষার্থী

সরেজমিনে কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৬২ সালের ১৬ সেপ্টেম্বর ভোলা পৌরসভার যুগীরঘোল-সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে ভোলা সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৭৯ সালের ৭ মে কলেজটি জাতীয়করণ করা হয়।

বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ রয়েছে। এ ছাড়া ১৬টি বিষয়ে অনার্স এবং ১৪টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে।

কলেজটিতে বর্তমানে ৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এর মধ্যে ৫ হাজার ৫৪৭ জন ছাত্র এবং ৩ হাজার ৬৯৫ জন ছাত্রী। শিক্ষক রয়েছেন ৫২ জন এবং কর্মচারী ৪৩ জন।

বিভাগীয় পর্যায়ে প্রশংসনীয় ফলাফল করে আসা এই কলেজে বিপুলসংখ্যক শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত ভৌত অবকাঠামোর অভাব রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে একটি আধুনিক ও নির্দিষ্ট অডিটোরিয়াম না থাকায় নিয়মিত নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

মাঠেই আয়োজন করতে হয় অনুষ্ঠান

অডিটোরিয়াম না থাকায় জাতীয় দিবস, নবীনবরণ, বিদায় সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, কর্মশালা ও বিভিন্ন অ্যাকাডেমিক কার্যক্রম আয়োজন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে।

বিগত সময়ে বিভিন্ন সরকারের আমলে মন্ত্রী-এমপি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কলেজ পরিদর্শনে এসে অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কলেজের শিক্ষার্থী মেসকাত আহমেদ, আবদুল্লাহ আল তুহিন, হাসনাইন ইসলাম ও তুষি বলেন, অডিটোরিয়াম না থাকায় কলেজ প্রশাসনের বিভিন্ন আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের অনুষ্ঠান ও সেমিনারও খোলা মাঠে করতে হয়। বৃষ্টি কিংবা অতিরিক্ত গরমের কারণে অনেক সময় পূর্বনির্ধারিত অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

তারা আরও বলেন, কলেজের সব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে বিষয়ভিত্তিক সেমিনার, ক্যারিয়ার কর্মশালা কিংবা বিশিষ্ট অতিথিদের বক্তৃতার আয়োজন করাও কঠিন হয়ে পড়ে। খোলা জায়গায় বড় অনুষ্ঠান করলে পর্যাপ্ত সাউন্ড সিস্টেম, প্রজেক্টর ও আলোর ব্যবস্থা করা যায় না। ফলে পেছনের সারিতে থাকা শিক্ষার্থীরা ঠিকমতো বক্তব্য শুনতে কিংবা উপস্থাপনা দেখতে পারেন না।

শিক্ষার্থীরা এসব সমস্যা সমাধানে দ্রুত একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের দাবি জানান।

‘অ্যাকাডেমিক কার্যক্রমেও বাধা’

ভোলা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. এমরান হোসেন বলেন, কলেজে আধুনিক ও পর্যাপ্ত ধারণক্ষমতাসম্পন্ন অডিটোরিয়ামের অভাব অ্যাকাডেমিক, সাংস্কৃতিক, সহশিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক বিকাশে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তিনি বলেন, প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, কর্মশালা, বিজ্ঞান মেলা, সিম্পোজিয়াম, বিতর্ক প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ, মতবিনিময় সভা, নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান এবং বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান আয়োজন করতে হয়। কিন্তু উপযুক্ত স্থান না থাকায় এসব আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কলেজ প্রশাসনকে নানা ধরনের সমস্যায় পড়তে হয়।

এমরান হোসেন আরও বলেন, অডিটোরিয়াম না থাকায় জরুরি সভা ও সমাবেশের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করাও কঠিন। কলেজের সব কক্ষ মূলত শ্রেণি কার্যক্রমের জন্য নির্ধারিত। বড় কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে অস্থায়ী প্যান্ডেল ব্যবহার করতে হয়। এতে অতিরিক্ত অর্থ, সময় ও ব্যবস্থাপনার প্রয়োজন হয়।

তিনি বলেন, অস্থায়ী প্যান্ডেলে অনুষ্ঠান আয়োজন করলে বৃষ্টি, ঝড়, অতিরিক্ত গরমসহ প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায়ই অনুষ্ঠান ব্যাহত হয়। ফলে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে অনেকটা প্রকৃতির ওপর নির্ভর করতে হয়। এমনকি এই কারণে কিছু অনুষ্ঠান আয়োজন করাও সম্ভব হয় না। অডিটোরিয়াম থাকলে বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষা ও অন্যান্য পাবলিক পরীক্ষা আয়োজন করাও সহজ ও কার্যকর হতো।

‘দ্রুত অডিটোরিয়াম প্রয়োজন’

ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফীল বলেন, একটি আধুনিক অডিটোরিয়ামের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে একাধিকবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব ও আবেদন পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘ফাইলটি বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে রয়েছে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক পরিবেশ সমুন্নত রাখতে ভোলা সরকারি কলেজে দ্রুত একটি আধুনিক অডিটোরিয়াম প্রয়োজন। এটি আমাদের দীর্ঘদিনের দাবি।’

-স্বাধীন/এস

৬৪ বছরেও অডিটোরিয়াম নেই ভোলা সরকারি কলেজে, মাঠেই চলে অনুষ্ঠান
লোগো
Sep 27, 2026

৬৪ বছরেও অডিটোরিয়াম নেই ভোলা সরকারি কলেজে, মাঠেই চলে অনুষ্ঠান

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta