চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ, কমেছে দাম
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। অধিকাংশ ইলিশ আসছে সাগর মোহনা ও দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন এলাকা থেকে। সরবরাহ বাড়ায় গত এক মাসের তুলনায় ঘাটে কর্মচাঞ্চল্যও বেড়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৬০০ মণ ইলিশ আসছে, যেখানে আগে আসত ১৫০ থেকে ২০০ মণ।
সরবরাহ বাড়ায় ইলিশের দাম কিছুটা কমেছে। তবে ক্রেতাদের অভিযোগ, দাম কমলেও এখনো তা তাদের নাগালের বাইরে।
সরেজমিনে দেখা যায়, ইলিশের সরবরাহ বাড়ায় চাঁদপুর বড়স্টেশন মাছঘাট এখন ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর। বিভিন্ন আড়তের সামনে স্তূপ করে রাখা হয়েছে ইলিশ। পাশেই বরফ ভেঙে মাছ প্যাকেটজাত করছেন শ্রমিকরা।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি প্রায় ৩ হাজার টাকা, ১ হাজার ২০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ৫০০ টাকা, ১ কেজির ইলিশ ২ হাজার ২০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নদীতে ইলিশ কম, সাগরের মাছেই ভরসা
জেলেরা বলছেন, গত এক মাসের তুলনায় মাছের পরিমাণ কিছুটা বেড়েছে। তবে চাঁদপুরের পদ্মা-মেঘনায় কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না। ফলে অনেক জেলেকেই নদী থেকে প্রায় খালি হাতে ফিরতে হচ্ছে।
জেলে জমির বলেন, নদীতে জাল ফেলেও প্রতিদিন গড়ে ৫ থেকে ১০ হাজার টাকার ইলিশ পাওয়া যাচ্ছে। এতে জ্বালানি খরচই ঠিকমতো ওঠে না।
আরেক জেলে শহিদুল বলেন, চাঁদপুরের নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। মাছ না পেয়ে হতাশ হয়ে প্রতিদিন নদী থেকে ফিরতে হচ্ছে তাদের।
মাছঘাটের আড়তদার সম্রাট বেপারী বলেন, চাঁদপুরের স্থানীয় ইলিশ খুব কম আসছে। সাগর ও দেশের বিভিন্ন নদী থেকে ধরা ইলিশ অন্যান্য জেলা হয়ে এই ঘাটে আসছে।
সরবরাহ বাড়লেও ক্রেতাদের স্বস্তি নেই
চাঁদপুর শহরের বাসিন্দা নাজমুল ইসলাম বাধন বলেন, বড়স্টেশন মাছঘাটে ইলিশের দাম আগের তুলনায় কিছুটা কমলেও এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
ক্রেতা সোহেব বলেন, গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম কিছুটা কমেছে। বর্তমানে কেজিতে প্রায় ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কম পাওয়া যাচ্ছে। বাজেট অনুযায়ী তিনি মাছ কিনবেন বলে জানান।
ইলিশ ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবও ইলিশের দামে পড়েছে। মাছ পরিবহন ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় দাম কমানো কঠিন হয়ে পড়েছে।
সামনে ২২ দিনের অভিযান
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ইলিশের সরবরাহ বেড়েছে। ফলে প্রতি কেজিতে প্রায় ২০০ টাকা পর্যন্ত দাম কমেছে।
তিনি বলেন, বর্তমানে প্রতিদিন প্রায় ৬০০ মণ ইলিশ ঘাটে আসছে। তবে সামনে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা কম।
মৎস্য ব্যবসায়ীরা বলছেন, নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ও মা-ইলিশ রক্ষায় কার্যকরভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে জেলেদের জীবিকা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।
-স্বাধীন/এস
চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ, কমেছে দাম

