নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মো. ইসমাইল (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. রোকন নামে এক যুবককে হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে। আর হেফাজতে নেওয়া রোকন একই এলাকার মো. নান্নুর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ২০ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে পাশের হাওলাদার মার্কেটের একটি দোকানের কাছে যায় ইসমাইল। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও শিশুটির সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে খালের পানিতে ভাসতে থাকা একটি বস্তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। বস্তা খুললে ভেতর থেকে নিখোঁজ ইসমাইলের মরদেহ পাওয়া যায়।
নিহতের চাচা মো. সৈকত ইসলাম বাবু দাবি করেন, ইসমাইলের বাবার সঙ্গে রোকন নামে ওই যুবকের মোবাইল ফোন কেনাবেচা নিয়ে বিরোধ চলছিল। তার ভাষ্য অনুযায়ী, ইসমাইল নিখোঁজ হওয়ার দুই দিন আগে রোকন শিশুটির বাবাকে হুমকি দিয়েছিলেন। এর একদিন পরই ইসমাইল নিখোঁজ হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে রোকন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্বজনরা মামলা করলে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-স্বাধীন/এমএ
নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

