আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে বিরোধী দল: এ্যানি

প্রকাশঃ Aug 28, 2026 - 16:47
আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে বিরোধী দল: এ্যানি

বিরোধী দল আন্দোলনের মাধ্যমে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিলেন, পরে ১৭ বছর ধরে দেশের ১২টা বাজিয়ে দিয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, বিরোধী দল এখন মনে করছে, আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে যাবে, তারেক রহমান দুর্বল হয়ে যাবেন, মন্ত্রী-এমপিরাও দুর্বল হয়ে পড়বেন। সেই সুযোগে মা-বোনেরা বাধ্য হয়ে ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনবে। এমন সুযোগ দেওয়া যাবে না। এজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।

বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং এতে দেশের ক্ষতি হচ্ছে বলেও মন্তব্য করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিরোধী দল লংমার্চ করেছে, আবার আন্দোলনের কথা বলছে। বাংলাদেশ যদি আন্দোলনের মধ্যে থাকে, তাহলে এলাকার উন্নয়ন হবে না। এ আন্দোলন এলাকার জন্য ক্ষতিকর, দেশের জন্যও ক্ষতিকর।

এ্যানি বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমাদের সঙ্গে আরেকটি পক্ষ ভোট করেছে, তারা এখন বিরোধী দল। আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন তারা উপস্থিতও হয়নি, আমাদের সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা আন্দোলনের কথা বলে আসছে। অথচ হাসিনার বিরুদ্ধে আমরা ১৭ বছর আন্দোলন করেছি।

তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছেন, তাতে দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো সেই অর্জনকে সুরক্ষা করা এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এ কাজে বিরোধী দলের সহযোগিতাও প্রয়োজন।

পানিসম্পদমন্ত্রী বলেন, আড়াই থেকে তিন বছরের মধ্যে উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। তারেক রহমানের হাত শক্তিশালী থাকলে তার পিতা জিয়াউর রহমান যেভাবে দেশকে স্বনির্ভর করেছিলেন এবং তার মা বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামে ঘুরে জনগণের সঙ্গে কাজ করে দেশের উন্নয়ন করেছিলেন, তেমন কাজ তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে হলে আমাদের মুখে হাসি ফোটার সম্ভাবনা রয়েছে।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ অনেকে।

-স্বাধীন/ এমএ

আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে বিরোধী দল: এ্যানি
লোগো
Aug 28, 2026

আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে বিরোধী দল: এ্যানি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta