বিক্ষোভ মিছিলে অর্থায়নের অভিযোগে ইমন ভট্র গ্রেফতার

প্রকাশঃ Sep 16, 2026 - 13:02
বিক্ষোভ মিছিলে অর্থায়নের অভিযোগে ইমন ভট্র গ্রেফতার

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ার ভট্র কুঠির এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমন ভট্র ওই এলাকার দুঃখ হরণ ভট্রের ছেলে। ২০২২ সাল থেকে তিনি নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ইমন ভট্র। মঙ্গলবার সকালে প্রায় দুই বছর পর অসুস্থ নয় মাস বয়সী মেয়ে ইচ্ছেকে দেখতে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন তিনি। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় যুবলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলে ইমন ভট্র অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। এর পরদিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে অর্থায়নের অভিযোগে ইমন ভট্রকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।

ওসি আরও জানান, ইমন ভট্রের বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।


-স্বাধীন/এস

বিক্ষোভ মিছিলে অর্থায়নের অভিযোগে ইমন ভট্র গ্রেফতার
লোগো
Sep 16, 2026

বিক্ষোভ মিছিলে অর্থায়নের অভিযোগে ইমন ভট্র গ্রেফতার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta