জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশঃ Aug 4, 2026 - 19:38
জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নওগাঁর বদলগাছী উপজেলায় একটি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ও স্থানীয় জামায়াত নেতা শফিউল হাসান দিপুর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত শফিউল হাসান দিপু আলফা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্থানীয়দের দাবি, তিনি পাশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির এবং কোলা ইউনিয়নের কাজী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৩ আগস্ট) সকালে বৃষ্টির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এ সময় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে প্রধান শিক্ষক তাকে জড়িয়ে ধরে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। তবে ওই ছাত্রী নিজেকে রক্ষা করে বিদ্যালয় থেকে বেরিয়ে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা আলফা কিন্ডারগার্টেন ঘেরাও করে ভাঙচুর চালান এবং ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি শান্ত করেন।

এ ঘটনার প্রতিবাদে ভান্ডারপুর চারমাথা এলাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, "মেয়ের মুখে ঘটনা শুনে আমরা হতবাক হয়ে গেছি। একজন শিক্ষক এমন কাজ করতে পারেন, তা কল্পনাও করিনি। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুল ইসলাম স্বপন দাবি করেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও নারী-সংক্রান্ত বিভিন্ন অভিযোগ উঠেছিল। তার ভাষ্য, বাল্যবিবাহসহ নানা অভিযোগ রয়েছে। তিনি কাজীর লাইসেন্স ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযুক্ত শফিউল হাসান দিপুর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
লোগো
Aug 4, 2026

জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta