চাপাইনবানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে মরা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ বলেন, শুক্রবার হওয়ায় গ্রামের সবাই জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে। বিষয়টি কেউ বুঝতে পারেনি। পরে তারা পানিতে ডুবে যায়।
স্থানীয়রা জানান, চর চাকলা গ্রামের পাশের নদীটি ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশ ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।
সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বাড়ায় মরা নদীটি পানিতে ভরে যায়। শুক্রবার দুপুরে পাঁচ শিশু ওই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।
-স্বাধীন/ এমএ
চাপাইনবানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু

