বাংলাদেশের সঙ্গে ক্রিকেট সিরিজ খেলতে চায় নেপাল
ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষত কাটিয়ে উঠতে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে নেপাল। দেশটির সাম্প্রতিক পাহাড়ধস ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর স্থানীয় মানুষকে নতুন করে উৎসাহ দিতে ক্রিকেটকে কাজে লাগাতে চায় দেশটি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। এ সময় দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে নেপালের সাম্প্রতিক দুর্যোগের সময় বাংলাদেশ দ্রুত সহযোগিতা করায় সরকার ও দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত।
ঘনশ্যাম ভান্ডারি বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে এখনো কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি। দুর্যোগের পর নেপালের মানুষের মধ্যে ইতিবাচক উদ্দীপনা তৈরি করতে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়া যেতে পারে। এ জন্য বাংলাদেশকে নেপাল সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি নেপাল দলকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতির কথাও জানান তিনি।
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রশংসা করে নেপালের রাষ্ট্রদূত বলেন, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময় কার্যকর ভূমিকা রাখতে পারে। এ দুই খাতে সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নেপালের প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশ ক্রীড়া কূটনীতিকে আঞ্চলিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখে। বিভিন্ন খেলায় পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক পাহাড়ধস ও আকস্মিক বন্যায় নেপালে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এ দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
-স্বাধীন দিগাস্ত/এস
বাংলাদেশের সঙ্গে ক্রিকেট সিরিজ খেলতে চায় নেপাল

