মেসিকে পেতে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব

প্রকাশঃ Sep 17, 2026 - 10:41
মেসিকে পেতে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব

লিওনেল মেসিকে দলে ভেড়ানোর স্বপ্ন একসময় ইউরোপের প্রায় সব শীর্ষ ক্লাবই দেখেছিল। তবে বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক এতটাই দৃঢ় ছিল যে, বিপুল অর্থের প্রস্তাবও তাকে নড়াতে পারেনি।

ইন্টার মিলানের সাবেক সভাপতি মাসিমো মোরাত্তি জানিয়েছেন, ২০১২ সালে মেসিকে দলে টানতে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল ইন্টার মিলান। তবে সেই প্রস্তাবের চিঠি পর্যন্ত খুলে দেখেননি আর্জেন্টাইন মহাতারকা।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে মোরাত্তি বলেন, মেসিকে দলে পেতে ইন্টার বড় ধরনের আর্থিক ঝুঁকি নিতেও প্রস্তুত ছিল। এ উদ্দেশ্যে বার্সেলোনায় ক্লাবের একজন প্রতিনিধিকেও পাঠানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত মেসির অনড় অবস্থানের কারণে সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

মোরাত্তির দাবি, তিনি মেসির কাছে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু মেসি সেটি খোলারও প্রয়োজন মনে করেননি। প্রস্তাবের বিস্তারিত না জেনেই তা ফিরিয়ে দেন তিনি।

পরে মেসির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান মোরাত্তি। তখনও নিজের অবস্থান স্পষ্ট করেন মেসি। তিনি জানান, বার্সেলোনাতেই নিজের পুরো ক্যারিয়ার কাটানোর ইচ্ছা ছিল তার।

মোরাত্তির কাছে এটি ছিল অর্থের বিনিময়ে অসম্ভবকে সম্ভব করার একটি চেষ্টা। বার্সেলোনার সঙ্গে মেসির গভীর সম্পর্ক সম্পর্কে তিনি জানতেন। তবু রেকর্ড অঙ্কের প্রস্তাব হয়তো পরিস্থিতি বদলে দিতে পারে—এমন আশা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

বার্সেলোনার হয়ে মেসির অধ্যায় ছিল ইতিহাসগড়া। ২০০৪ সালে মূল দলে অভিষেকের পর কাতালান ক্লাবটির জার্সিতে অসংখ্য রেকর্ড গড়েছেন তিনি এবং জিতেছেন একের পর এক শিরোপা। তার সময়েই বার্সেলোনা ক্লাব ইতিহাসের অন্যতম সফল সময় পার করে।

তবে ২০২১ সালে আবেগঘন এক বিদায়ের মাধ্যমে সেই সম্পর্কের সমাপ্তি ঘটে। আর্থিক ও চুক্তিগত জটিলতার কারণে বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। এরপর তিনি যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। দুই মৌসুম ফরাসি ক্লাবটিতে খেলার পর তিনি যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।


-স্বাধীন/এস

মেসিকে পেতে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব
লোগো
Sep 17, 2026

মেসিকে পেতে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta