খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলা এখন শুধু বিনোদনের মাধ্যম নয়; এটিকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শনিবার (২২ আগস্ট) হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলার ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ও জেলা-উপজেলা পর্যায়ে পদকজয়ী ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়ে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাদের পড়াশোনা ও খেলাধুলার ব্যয়ভারও সরকার বহন করবে।
তিনি জানান, ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের প্রথম আসর ইতোমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন চলছে এবং আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে এটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ জাতি গড়ে তোলার পাশাপাশি তাদের মাদক ও প্রযুক্তির আসক্তি থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
আমিনুল হক বলেন, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের প্রতিটিতে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় পর্যায়ের বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান কিশোর-কিশোরীরা নিজ এলাকায় থেকেই উন্নত প্রশিক্ষণ ও শিক্ষার সুযোগ পায়।
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য বগুড়ায় প্রায় ২০ একর জায়গার ওপর ‘আরাফাত রহমান জাতীয় প্যারা স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ১০টি স্পোর্টস ভিলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে হবিগঞ্জেও একটি স্পোর্টস ভিলেজ নির্মাণের কার্যক্রম শুরু করা হবে।
সভায় প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য, সহনশীলতা ও মননশীলতার বিকাশ ঘটিয়ে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। সব ধরনের প্রতিহিংসা ও বিভাজন দূরে রেখে সুস্থ ও সহনশীল সামাজিক পরিবেশ তৈরির মাধ্যমে সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ এমপি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সদস্য ডা. শাখাওয়াত হোসেন জীবন, বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামাল মোল্লা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া ব্যক্তিত্ব, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
-স্বাধীন/ এমএ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

