ইনফান্তিনোকে ঘিরে ফিফায় অসন্তোষ বাড়ছে

প্রকাশঃ Aug 5, 2026 - 14:13
ইনফান্তিনোকে ঘিরে ফিফায় অসন্তোষ বাড়ছে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর সংস্থাটির শীর্ষ পর্যায়ে অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠেছে। ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এ ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে ফিফার প্রধান বৈশ্বিক উন্নয়ন কর্মকর্তা আর্সেন ওয়েঙ্গার পরিকল্পনাটি প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘অবশ্যই প্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন।

দ্য গার্ডিয়ান–এর হাতে আসা ফিফা কর্মীদের উদ্দেশে পাঠানো এক ই-মেইলে গ্রাফস্ট্রম বলেন, গত সপ্তাহটি ছিল ‘অসাধারণ এবং চ্যালেঞ্জিং’। যদিও তিনি ইনফান্তিনোর নাম সরাসরি উল্লেখ করেননি, তবে ব্যর্থ বিনিয়োগ পরিকল্পনার প্রসঙ্গে বলেন, ‘দুঃখজনক ও নিন্দনীয় ঘটনাগুলোর সমাপ্তি ঘটেছে, কারণ এফএফই প্রকল্প স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।’

তিনি কর্মীদের আশ্বস্ত করে বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করা হবে এবং উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পাশাপাশি ফিফার ২১১টি সদস্য দেশের স্বার্থে পেশাদারিত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, ২০১৯ সালের নভেম্বরে ফিফায় যোগ দেওয়া আর্সেন ওয়েঙ্গার জানান, বিতর্কিত এই কৌশলগত পরিকল্পনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশের পরই তিনি প্রথম এ প্রকল্পের বিষয়ে জানতে পারেন।

ওয়েঙ্গার বলেন, ‘আমি এমন একটি স্বাধীন ফিফায় বিশ্বাস করি, যা প্রতিশ্রুতি, স্বচ্ছতা ও সততার সঙ্গে ফুটবলবিশ্বের সেবা করবে। তাই প্রকল্পটি প্রত্যাহারের সিদ্ধান্ত ছিল একান্তই প্রয়োজনীয়।’

এর আগে ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেন। এছাড়া ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর অভিযোগ করেন, সংস্থার প্রশাসন সভাপতির দ্বারা ‘প্রতারিত’ হয়েছে।

এদিকে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে চাপ আরও বাড়ছে। সোমবার ইউরোপের কয়েকটি ফুটবল ফেডারেশন তার পুনর্নির্বাচনের প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয়, যা ফিফার নেতৃত্ব সংকটকে আরও গভীর করেছে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

ইনফান্তিনোকে ঘিরে ফিফায় অসন্তোষ বাড়ছে
লোগো
Aug 5, 2026

ইনফান্তিনোকে ঘিরে ফিফায় অসন্তোষ বাড়ছে

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta