মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার জন্য সুখবর
আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তার বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনাকে বড় সুখবর দিয়েছে ফিফা।
সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুর ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। নিজেদের মাঠে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।
এর মধ্যে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে মেসির জাতীয় দলের জার্সিতে বড় বিদায়ী মঞ্চ।
তিন ম্যাচই ‘প্রথম স্তরের’ স্বীকৃতি
আর্জেন্টিনার আসন্ন তিনটি প্রীতি ম্যাচকে ‘প্রথম স্তরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিফা। এএফএও বিষয়টি নিশ্চিত করেছে।
এই স্বীকৃতি আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সৃষ্ট বিতর্কের জেরে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফকে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা।
লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে ১ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাও ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পান। প্রত্যেকের ওপর আর্থিক জরিমানাও আরোপ করা হয়।
ফিফার নিয়ম অনুযায়ী, এসব নিষেধাজ্ঞা শুধু অফিসিয়াল ম্যাচেই নয়, প্রীতি ম্যাচেও কার্যকর হতে পারে। তবে সেক্ষেত্রে ম্যাচটি ‘প্রথম স্তরের’ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হতে হবে।
এই বিষয়টি বিবেচনায় নিয়ে আসন্ন তিন ম্যাচকে প্রথম স্তরের প্রীতি ম্যাচ হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়েছিল এএফএ। শেষ পর্যন্ত সেই অনুরোধ অনুমোদন করেছে ফিফা।
এএফএর বিবৃতি
এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, সেপ্টেম্বার-অক্টোবর উইন্ডোতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার তিনটি ম্যাচই কনমেবলের অনুমোদন এবং ফিফার আন্তর্জাতিক ম্যাচসংক্রান্ত বিধিমালা অনুযায়ী ‘প্রথম স্তরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
কোনো প্রীতি ম্যাচকে প্রথম স্তরের বা ‘ক্লাস এ’ ম্যাচ হিসেবে স্বীকৃতি দিতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে দুই দলেরই সিনিয়র জাতীয় দল হওয়া, নির্ধারিত আন্তর্জাতিক নিয়ম মেনে ম্যাচ আয়োজন এবং সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনগুলোর অনুমোদন থাকা অন্যতম।
মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর
বিশ্ব র্যাংকিংয়ে দুই নম্বরে থাকা আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে ৩০ সেপ্টেম্বর। কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ৭৭তম স্থানে থাকা বলিভিয়া।
এরপর ২ অক্টোবর লা বোম্বোনেরায় ৬২তম স্থানে থাকা বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টিনার।
সবশেষে ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে ৯৩তম স্থানে থাকা বেনিনের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা।
বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে মেসির জাতীয় দলের জার্সিতে বড় বিদায়ী ম্যাচ। এএফএ জানিয়েছে, লিওনেল স্কালোনির দলে থাকলেও মেসি শুধু বেনিনের বিপক্ষে ম্যাচেই মাঠে থাকবেন। একইভাবে জিওভানি লো সেলসো ও রদ্রিগো দে পলও কেবল এই ম্যাচে খেলবেন।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের আরও কয়েকজন খেলোয়াড়কে মেসির বিদায়ী ম্যাচে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে তাদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
-স্বাধীন/এস
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার জন্য সুখবর

