বার্সেলোনা ছেড়ে আয়াক্সে টের স্টেগেন
জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে বার্সেলোনা। তাকে এক মৌসুমের জন্য ধারে ডাচ ক্লাব আয়াক্সে পাঠিয়েছে কাতালানরা।
মূল একাদশে জায়গা হারানো এবং উচ্চ বেতনের কারণে টের স্টেগেনকে নিয়ে সমাধান খুঁজছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত তাকে ধারে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাবটি।
চলতি বছরের জানুয়ারিতে টের স্টেগেনকে ধারে জিরোনায় পাঠানো হয়েছিল। তবে সেখানে মাত্র দুটি ম্যাচ খেলেই চোটে পড়েন তিনি এবং দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়।
জিরোনা চলতি মৌসুমে লা লিগা থেকে অবনমিত হওয়ায় টের স্টেগেন একটি বিরল রেকর্ডের অংশ হন। একই মৌসুমে এক দলের হয়ে লিগ শিরোপা জয়ের পাশাপাশি অন্য দলের হয়ে অবনমনের অভিজ্ঞতা পাওয়া প্রথম ফুটবলার হিসেবে নাম লেখান তিনি।
বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, টের স্টেগেনকে ধারে নিতে আয়াক্সের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত তিনি নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে খেলবেন।
আয়াক্সে যোগ দিয়ে নিয়মিত খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি নিজের ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্য থাকবে জার্মান এই গোলরক্ষকের।
বার্সেলোনা ছেড়ে আয়াক্সে টের স্টেগেন

