রংপুরে শুরু ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট

প্রকাশঃ Sep 26, 2026 - 16:19
রংপুরে শুরু ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগামী দিনের নারী ফুটবলারদের তুলে আনার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়ায় টুর্নামেন্টটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ডিফেন্ডার ও সাবেক অধিনায়ক আফঈদা খন্দকার।

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও টুর্নামেন্টের পতাকা উত্তোলনের পর আকাশে রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

‘নতুন খেলোয়াড় উঠে আসবে’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সামসুজ্জামান সামু বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলে দেশের পাশাপাশি রংপুর অঞ্চলের সম্মানও বাড়াবে।

রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ বলেন, এ আয়োজন বাংলাদেশে নারী ফুটবলের জাগরণে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রতি বছর এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের জন্য আয়োজকদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিও আহ্বান জানান তিনি।

সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন ও রংপুরের অন্যতম সেরা ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা টুর্নামেন্টের সাফল্য কামনা করে বলেন, এই আয়োজন থেকেই আগামী দিনের এমন খেলোয়াড় উঠে আসবে, যারা জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করবে।

আফঈদা খন্দকারের অনুপ্রেরণা

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ডিফেন্ডার ও সাবেক অধিনায়ক আফঈদা খন্দকার। তরুণ খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, মাঠের লড়াইয়ে নিজেদের উজাড় করে দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, তরুণদের মধ্য থেকে ভালো মানের তারকা খেলোয়াড় খুঁজে বের করতেই প্রথম আলো-স্টার নিউজ এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক উৎপল শুভ্র জানান, দেশের ছয়টি অঞ্চলে এই নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। রংপুর থেকেই যার যাত্রা শুরু হলো।

তিনি বলেন, ভবিষ্যতে টুর্নামেন্টটি যখন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে, তখন এর শুরুর পর্ব হিসেবে রংপুরের নাম স্মরণীয় হয়ে থাকবে।

অংশ নিচ্ছে ৩৬টি দল

প্রথম আলো ও স্টার নিউজের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট রংপুরের মাটিতে শুরু করতে পেরে আনন্দ প্রকাশ করেন স্টার নিউজের সিইও মোখছেদুল কামাল।

তিনি আশা প্রকাশ করেন, দেশের ৩৬টি একাডেমির অংশগ্রহণে এই আয়োজন নারী ফুটবলারদের সামনে নতুন স্বপ্ন ও সম্ভাবনার দ্বার খুলে দেবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে সারাদেশের বাফুফে নিবন্ধিত ওয়ান স্টারভুক্ত ৩৬টি দল অংশ নিচ্ছে।

প্রথম ম্যাচে টাইব্রেকারে জয় বোদার

নকআউট পদ্ধতিতে শুরু হওয়া রংপুর অঞ্চল পর্বের প্রথম ম্যাচে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পেয়েছে পঞ্চগড়ের বোদা উপজেলার টুস্টার ফুটবল একাডেমি। তাদের প্রতিপক্ষ ছিল রংপুরের সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাব।

শনিবার বিকেলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমি ও নীলফামারীর ওহাব ফুটবল একাডেমি।


-স্বাধীন/এস

রংপুরে শুরু ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট
লোগো
Sep 26, 2026

রংপুরে শুরু ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta