ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হলো আকিব নবির

প্রকাশঃ Sep 30, 2026 - 14:54
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হলো আকিব নবির

জাসপ্রিত বুমরাহর চোটের কারণে আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছিলেন আকিব নবি। তবে শ্রীলঙ্কার মাটিতে শেষ পর্যন্ত তার আন্তর্জাতিক অভিষেক হয়নি। এরপর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড থেকেও বাদ পড়ায় তাকে নিয়ে আলোচনা তৈরি হয়।

অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো জম্মু-কাশ্মিরের এই পেসারের।

ঘরোয়া ক্রিকেটে গত দুই মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পান আকিব। চলতি বছর জম্মু-কাশ্মিরকে প্রথমবার রঞ্জি ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। টুর্নামেন্টে ৬০টি উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। দুই মৌসুম মিলিয়ে তার উইকেটসংখ্যা ১০৪।

শুধু বল হাতেই নয়, লোয়ার অর্ডারে ব্যাট হাতেও অবদান রাখার সামর্থ্য রয়েছে নবির। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পরও ভারত জাতীয় দলে তার অভিষেক হতে দেরি হওয়ায় আলোচনা-সমালোচনা হয়েছিল।

বোলিং শক্তি বাড়াতেই দলে আকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে ভারতীয় দলে পরিবর্তনের লক্ষ্য ছিল ব্যাটিং অলরাউন্ডারের পরিবর্তে মূলত বোলিংয়ে কার্যকর একজন ক্রিকেটারকে একাদশে নেওয়া।

সিরিজের প্রথম ওয়ানডেতে নীতিশ কুমার রেড্ডি মাত্র পাঁচ ওভার বল করেছিলেন। ফলে দ্বিতীয় ম্যাচে নতুন বল হাতে প্রসিধ কৃষ্ণার সঙ্গী হিসেবে আকিব নবির খেলার সম্ভাবনা তৈরি হয়। ইনিংসের শুরুতে সুইং আদায়ের জন্য একজন অতিরিক্ত পেসারকে একাদশে রাখার পরিকল্পনাই এতে স্পষ্ট হয়।

ক্যাপ পেলেন লোকেশ রাহুলের কাছ থেকে

বুধবার কেরালার তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে ভারত। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক শুভমান গিল।

টসের আগেই আকিব নবির অভিষেকের বিষয়টি নিশ্চিত হয়। ভারতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার লোকেশ রাহুল তার হাতে অভিষেকের ক্যাপ তুলে দেন।

এর আগে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ক্যারিবীয়দের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য তাড়ায় সেঞ্চুরি করেন অধিনায়ক শুভমান গিল ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ভালো শুরু করলেও তাদের ৩০০ রানের আগেই আটকে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। তিনি শিকার করেন চার উইকেট।


-স্বাধীন/এস

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হলো আকিব নবির
লোগো
Sep 30, 2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হলো আকিব নবির

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta