আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে
‘সবটুকু নিংড়ে দিয়েছি, আমার দেওয়ার আর কিছু বাকি নেই’—ডায়েরির তিনটি ছেঁড়া পাতা ও একটি কলমের ছবি পোস্ট করে এমন বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন লিওনেল মেসি।
তবে বিদায়ের মাত্র চার দিন পরই নতুন করে গুঞ্জন উঠেছে, আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে এই কিংবদন্তিকে।
ঘরের মাঠে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে বিদায়ী সংবর্ধনা দিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর্জেন্টিনার সাংবাদিক পাবলো গ্রাভেলোন এমন তথ্যই জানিয়েছেন।
তোদো নোতিসিয়াসের এই সাংবাদিকের দাবি, সবকিছু ঠিক থাকলে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি হতে পারে আর্জেন্টিনার মাটিতে। সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টাল।
তবে মেসির জন্মশহর রোজারিওতেও হতে পারে তাঁর বিদায়ী ম্যাচ। সেখানে আগামী সেপ্টেম্বরে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার। টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার সাংবাদিক মাক্সিমিলিয়ানো গ্রিলো জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে দুটি বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা।
এসব ম্যাচ বুয়েনস আইরেস, কর্দোবা কিংবা রোজারিওতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রতিপক্ষ কারা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
মূলত এই প্রীতি ম্যাচগুলো এশিয়া সফরের অংশ হিসেবেই হওয়ার কথা ছিল। তবে মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর এশিয়া সফর বাতিল করেছে এএফএ—এমনটাই জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা।
তবে মেসির বিদায়ী ম্যাচের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। সংবাদমাধ্যম ও সমর্থকদের মধ্যে এ নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সবচেয়ে বড় বিষয়, বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজে সেই ম্যাচে মাঠে নামতে সম্মতি দেবেন কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।
-স্বাধীন/এমএ
আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে

