লিভারপুল ছেড়ে তুরস্কের ক্লাবে যোগ দিচ্ছেন সালাহ
লিভারপুলের সঙ্গে দীর্ঘ নয় বছরের অধ্যায়ের ইতি টেনেছেন মোহাম্মদ সালাহ। এবার নতুন গন্তব্য হিসেবে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরকে বেছে নিচ্ছেন এই মিসরীয় ফরোয়ার্ড। তাকে দলে ভেড়াতে আনুষ্ঠানিক আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে তুর্কি ক্লাবটি।
ট্রাবজনস্পোর জানিয়েছে, বুধবার সালাহ প্রথমে ইস্তাম্বুলে পৌঁছাবেন। পরে একই দিন ট্রাবজনে গিয়ে মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন।
বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই তারকা দুই বছরের চুক্তিতে সম্মতি দিয়েছেন।
সৌদি প্রো লিগ ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) থেকে লোভনীয় প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত ইউরোপেই ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালাহ। তুরস্কের আরেক ক্লাব বেসিকতাসও তাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল, তবে সেই আলোচনা সফল হয়নি।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। অ্যানফিল্ডে নয় মৌসুমে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করে নিজেকে ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন। এ সময় তিনি দুটি প্রিমিয়ার লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি এফএ কাপ, দুটি লিগ কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একটি উয়েফা সুপার কাপ জেতেন।
২০২৪-২৫ মৌসুমে ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট করে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়, গোল্ডেন বুট এবং প্লেমেকার অ্যাওয়ার্ড—এই তিনটি ব্যক্তিগত পুরস্কার জিতেছিলেন তিনি। তবে গত মৌসুমে তার পারফরম্যান্সে কিছুটা ছন্দপতন দেখা যায়।
কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের অবনতি এবং নিয়মিত একাদশে সুযোগ কমে যাওয়ায় শেষ পর্যন্ত লিভারপুল ছাড়েন সালাহ। এরপর ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাবের খোঁজে ছিলেন তিনি।
গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হওয়া ট্রাবজনস্পোর আগামী মৌসুমে উয়েফা ইউরোপা লিগের প্লে-অফে খেলবে। সালাহর আগমনে দলটির আক্রমণভাগ আরও শক্তিশালী হবে এবং শিরোপার লড়াইয়ে তাদের সম্ভাবনাও বাড়বে বলে মনে করা হচ্ছে।
-স্বাধীন দিগন্ত/ এমএ
লিভারপুল ছেড়ে তুরস্কের ক্লাবে যোগ দিচ্ছেন সালাহ

