পিসিবির নিষেধাজ্ঞার মুখে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

প্রকাশঃ Aug 5, 2026 - 14:24
পিসিবির নিষেধাজ্ঞার মুখে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

জাম্বিয়ায় আয়োজিত অননুমোদিত ‘এশিয়ান লিজেন্ডস লিগ’-এ অংশ নেওয়ায় পাকিস্তানের একঝাঁক সাবেক তারকা ক্রিকেটারকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে বোর্ড।

এক বিবৃতিতে পিসিবি জানায়, আইসিসির টুর্নামেন্ট অনুমোদন ও অনাপত্তিপত্র (এনওসি) সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এশিয়ান লিজেন্ডস লিগ একটি অননুমোদিত প্রতিযোগিতা। এমনকি আয়োজক দেশ জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ)-ও এই ফ্র্যাঞ্চাইজি লিগকে কোনো স্বীকৃতি দেয়নি।

বোর্ডের অনুমতি ছাড়াই টুর্নামেন্টে অংশ নেওয়ায় সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তারা সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

এই সময়ের মধ্যে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য এনওসি পাবেন না তারা। পাশাপাশি পিসিবি বা পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর কোনো ফ্র্যাঞ্চাইজিতে কোচ, মেন্টর বা পরামর্শক হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগও হারাতে পারেন।

পিসিবি আরও মনে করিয়ে দিয়েছে, বিদেশি কোনো লিগে অংশ নেওয়ার আগে নিজ দেশের ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র নেওয়া আইসিসির বিধান অনুযায়ী বাধ্যতামূলক। এই নিয়ম লঙ্ঘনের দায়ে ক্রিকেটারদের পাশাপাশি সংশ্লিষ্ট বোর্ডকেও আইসিসির কাছে জবাবদিহির মুখে পড়তে হতে পারে।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই শুরু হওয়া ছয় দলের এই টুর্নামেন্টে ‘পাকিস্তান প্যান্থার্স’ দলের হয়ে খেলছেন পাকিস্তানের সাবেক কয়েকজন তারকা ক্রিকেটার। দলটির স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, কামরান আকমল, উমর আকমল, শারজিল খান, ইমরান নাজির, সাঈদ আজমল, সোহেল তানভীর, ইয়াসির শাহ, রাহাত আলী ও মোহাম্মদ ইরফান। তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে মাঠেও নেমেছেন।

উল্লেখ্য, এই লিগে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অনেক সাবেক ক্রিকেটার অংশ নিলেও এখন পর্যন্ত একমাত্র পিসিবিই বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

পিসিবির নিষেধাজ্ঞার মুখে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা
লোগো
Aug 5, 2026

পিসিবির নিষেধাজ্ঞার মুখে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta