ফিফা আসিয়ান কাপে ভারতের জায়গায় খেলবে বাংলাদেশ
ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় প্রথম ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আগে থেকেই আসিয়ান কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারত সরে যাওয়ার পর বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।
আমন্ত্রণ পাওয়ার পর জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির জরুরি অনলাইন সভা ডাকেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বুধবার বিকেলে অনুষ্ঠিত ওই সভায় সর্বসম্মতভাবে আসিয়ান কাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়।
ফলে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হামজা চৌধুরীদের জন্য প্রীতি ম্যাচ আয়োজনের যে পরিকল্পনা করছিল বাফুফে, তা থেকে এখন সরে আসতে হবে।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির এক সদস্য জানান, সভায় মূলত একটি বিষয় নিয়েই আলোচনা হয়েছে—চার জাতির টুর্নামেন্ট আয়োজন করা হবে, নাকি আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। শেষ পর্যন্ত সবাই আসিয়ান কাপে খেলার পক্ষে মত দেন।
আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে আগে ভারতের সঙ্গে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও স্বাগতিক ইন্দোনেশিয়া ছিল। ভারতের পরিবর্তে বাংলাদেশ যুক্ত হলে একই গ্রুপিং থাকবে, নাকি নতুন করে দল বিন্যাস করা হবে, সেটিই এখন দেখার বিষয়।
প্রিমিয়ার ডিভিশনের ‘বি’ গ্রুপে রয়েছে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন। চীন নাম প্রত্যাহার করায় পাকিস্তান এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে।
প্রথম আসিয়ান কাপে দক্ষিণ এশিয়া থেকে অতিথি দল হিসেবে শুধু ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে নিজেদের মাটিতে ব্রাজিলের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ থাকায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় ভারত।
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১৪টি দেশ নিয়ে দুই বিভাগে অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো হবে ইন্দোনেশিয়ায়। আর চ্যালেঞ্জ ডিভিশনের ম্যাচ অনুষ্ঠিত হবে হংকংয়ে।
চ্যালেঞ্জ ডিভিশনের দুই গ্রুপে খেলবে হংকং, মিয়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস ও পূর্ব তিমুর।
-স্বাধীন দিগন্ত/ এমএ
ফিফা আসিয়ান কাপে ভারতের জায়গায় খেলবে বাংলাদেশ

