আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান যুব ক্রিকেটারদের ঘিরে বিক্ষোভ
ইংল্যান্ডে সফররত পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ঘিরে পোর্টসমাউথে অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়। আশ্রয়প্রার্থীদের একটি দল হোটেলে অবস্থান করছে—এমন ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর হোটেলের সামনে জড়ো হন একদল বিক্ষোভকারী। পরে তারা জানতে পারেন, সেখানে থাকা ব্যক্তিরা পাকিস্তানের যুব ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল পোর্টসমাউথের ম্যারিয়ট হোটেলে অবস্থান করছিল। স্থানীয়ভাবে হোটেলে থাকা কয়েকজনকে আশ্রয়প্রার্থী হিসেবে সন্দেহ করা হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীদের ভিড় তৈরি হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ জন ব্যক্তিকে হোটেলে দেখা গেছে—এমন তথ্যের ভিত্তিতে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে স্থানীয় রিফর্ম দলের কাউন্সিলর জর্জ ম্যাডগুইক ঘটনাস্থলে যোগাযোগ করেন।
তিনি পাকিস্তান দলের কোচের সঙ্গেও কথা বলেন। পরে বিক্ষোভকারীদের সামনে গিয়ে পুরো বিষয়টি ব্যাখ্যা করেন ম্যাডগুইক। তিনি জানান, হোটেলে থাকা ব্যক্তিরা কোনো আশ্রয়প্রার্থী নন; তারা পাকিস্তানের একটি ক্রিকেট দলের সদস্য।
বিষয়টি পরিষ্কার হওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিক্ষোভকারীরা হোটেলের সামনে থেকে সরে যান। পুরো ঘটনাকে দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেছেন ম্যাডগুইক।
ঘটনার পর পাকিস্তান দলের সঙ্গে যোগাযোগ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাশাপাশি সফররত দলটির নিরাপত্তাব্যবস্থাও নতুন করে পর্যালোচনা করা হয়েছে।
-স্বাধীন দিগাস্ত/এস
আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান যুব ক্রিকেটারদের ঘিরে বিক্ষোভ

