ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ

প্রকাশঃ Sep 22, 2026 - 13:49
ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ

ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞার মুখে পড়েছেন লিভারপুলের সাবেক তারকা ও মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। চেশায়ারের উইল্মসলো এলাকায় নির্ধারিত গতিসীমা অতিক্রম করা একটি গাড়ির চালকের পরিচয় পুলিশকে না জানানোর অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, গত ২৭ মার্চ ৩০ মাইল প্রতি ঘণ্টা (প্রায় ৪৮ কিলোমিটার) গতিসীমার একটি সড়কে সালাহর নামে নিবন্ধিত রোলস-রয়েস স্পেক্টর গাড়িটি ঘণ্টায় ৩৬ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার) গতিতে চলতে ধরা পড়ে। তবে গাড়িটি কে চালাচ্ছিলেন, সে বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

চেশায়ার পুলিশ এ ঘটনায় সালাহকে নোটিশ পাঠালেও তিনি তার জবাব দেননি। অভিযোগের বিষয়ে আদালতেও কোনো বক্তব্য বা জবাব জমা দেননি তিনি।

ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে ‘সিঙ্গেল জাস্টিস প্রোসিডিউর’-এর আওতায় মামলাটির শুনানি হয়। আদালত চালকের পরিচয়সংক্রান্ত তথ্য না দেওয়ার অভিযোগে সালাহকে দোষী সাব্যস্ত করেন। একই সঙ্গে তাকে ছয় মাসের জন্য গাড়ি চালানো থেকে নিষিদ্ধ করা হয় এবং ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওই গাড়িটি সালাহর নামে নিবন্ধিত একটি রোলস-রয়েস স্পেক্টর, যার মূল্য ৪ লাখ ৬৬ হাজার ইউরোরও বেশি। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য কয়েক কোটি টাকা।

এ ছাড়া ইংল্যান্ডে সালাহর প্রায় ৫০ লাখ ইউরো মূল্যের বাড়িতে পাঠানো দুটি নোটিশেরও তিনি কোনো জবাব দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি ঘটে লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার মাত্র দুই দিন পর। গত ২৪ মার্চ লিভারপুল ক্লাব সালাহর বিদায়ের ঘোষণা দিয়ে জানায়, তিনি ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

লিভারপুলের হয়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন সালাহ। ২০২৫-২৬ মৌসুম শেষে তিনি তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরে যোগ দেন।

তুরস্কে যাওয়ার পরও সম্প্রতি মাঠের পারফরম্যান্সে আলোচনায় ছিলেন মিসরীয় এই ফরোয়ার্ড। গালাতাসারাইয়ের বিপক্ষে ৪-০ গোলের জয়ে হ্যাটট্রিক করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। চলতি মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে সাত।

ইংল্যান্ডে এর আগেও মোটরযান-সংক্রান্ত ঘটনায় সালাহর নাম এসেছিল। ২০২২ সালে ফেরারি এফ৮ ট্রিবুটো চালিয়ে গতিসীমা অতিক্রম করায় তাকে জরিমানা করা হয় এবং ড্রাইভিং লাইসেন্সে তিনটি পেনাল্টি পয়েন্ট যোগ করা হয়।

এ ছাড়া ২০১৮ সালে অ্যানফিল্ডের কাছে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে সে ঘটনায় অভিযোগ আনার মতো পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

লিভারপুল অধ্যায় শেষ করে বর্তমানে তুরস্কে নতুন যাত্রা শুরু করেছেন সালাহ। তবে চেশায়ারের এই মামলায় গাড়ির চালকের পরিচয়সংক্রান্ত তথ্য না দেওয়ার কারণে পাওয়া ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা তাকে আবারও ইংল্যান্ডের সংবাদমাধ্যমের শিরোনামে নিয়ে এসেছে।

সূত্র: সামা টিভি অনলাইন


-স্বাধীন/এস

ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ
লোগো
Sep 22, 2026

ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta