জ্যামাইকাকে হারিয়ে প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন এন্টিগা
১১ ব্যাটারের মাত্র দুজনের রান দুই অঙ্কে। তবুও ১৭০ রান তুলে জ্যামাইকা কিংসমেন ভেবেছিল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে তারা লড়াই করার মতো স্কোর পেয়েছে। কিন্তু এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স সেই ধারণা বদলে দিয়েছে দারুণ ব্যাটিংয়ে।
১৭১ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী এন্টিগা। পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে ৭৬ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করে জয় নিশ্চিত করে এন্টিগা। এর মধ্য দিয়ে সিপিএলের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে দলটি।
জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। ১৭তম ওভারের চতুর্থ বলে হাসান নওয়াজ ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন। এরপর সতীর্থদের সঙ্গে উদযাপনে মেতে ওঠেন তিনি। কিংবদন্তি স্যার কার্টলি অ্যামব্রোসও মাঠে ছুটে এসে দলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৩০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল জ্যামাইকা। এরপর সাইম আইয়ুবকে নিয়ে মাজ সাদাকাত ৮০ রানের জুটি গড়েন। সাইম ২৯ রান করে ফিরলে আবারও চাপে পড়ে জ্যামাইকা।
১২৭ রানে ৭ উইকেট হারানোর পরও একপ্রান্ত আগলে রাখেন মাজ সাদাকাত। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ব্যাটার শেষ পর্যন্ত ৫৮ বলে ৮ চার ও ৯ ছক্কায় ১১৪ রান করেন। ইনিংসের শেষের আগের বলে আউট হন তিনি। অতিরিক্ত থেকে পাওয়া ১২ রান ছাড়া জ্যামাইকার আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
এন্টিগার পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিম ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে জ্যামাইকার ব্যাটিংয়ে ধস নামান।
লক্ষ্য তাড়ায় শুরুটা করেন রাকিম কর্নওয়াল। ইনিংসের ষষ্ঠ বলেই আউট হওয়ার আগে ২ চার ও ২ ছক্কায় ২০ রান করেন তিনি। এরপর এভিন লুইস ও অ্যান্ড্রে জাঙ্গুর ৬৪ রানের জুটি এন্টিগাকে এগিয়ে নেয়। লুইস ৩৮ রান করে ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি তারা।
এরপর জাঙ্গু ও হাসান নওয়াজের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে সহজ জয় পায় এন্টিগা। জাঙ্গু ৩৪ বলে ৫৭ এবং নওয়াজ ৩৫ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন।
এই জয়ে প্রথমবারের মতো সিপিএলের শিরোপা জিতল এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।
ফাইনালের ম্যাচসেরা হয়েছেন সুফিয়ান মুকিম। আর পুরো টুর্নামেন্টে ১৩২ রান ও ১১ উইকেট নিয়ে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের শাদাব খান।
-স্বাধীন/এস
জ্যামাইকাকে হারিয়ে প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন এন্টিগা

