বিগ ব্যাশ থেকেও অবসর নিলেন ম্যাথু ওয়েড
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। গত বছর অস্ট্রেলিয়া জাতীয় দলের পরামর্শক হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলা চালিয়ে যান তিনি। এবার বিগ ব্যাশ থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
অস্ট্রেলিয়া জাতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার পর সেই কাজে পুরোপুরি মনোযোগ দিতে চান ওয়েড। আর এ কারণেই ২০২৬-২৭ মৌসুম শুরুর আগেই বিগ ব্যাশ ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে ওয়েডের সতীর্থ ছিলেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন।
বিগ ব্যাশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবেই লিগকে বিদায় জানাচ্ছেন ওয়েড। ২০১১-১২ মৌসুমে টুর্নামেন্টের উদ্বোধনী আসরে মেলবোর্ন স্টার্সের হয়ে কিংবদন্তি শেন ওয়ার্নের সঙ্গে খেলার মাধ্যমে বিগ ব্যাশ ক্যারিয়ার শুরু করেন তিনি।
স্টার্সের হয়ে ১৬টি ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে ১৩টি ম্যাচ খেলার পর নিজের রাজ্য তাসমানিয়ায় ফিরে যান ওয়েড। এরপর হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছেন ৯০টি ম্যাচ।
বিগ ব্যাশের সর্বকালের রানসংগ্রাহকদের তালিকায় বর্তমানে নবম স্থানে রয়েছেন ওয়েড। হারিকেন্সের হয়ে তার চেয়ে বেশি রান করেছেন শুধু বেন ম্যাকডারমট ও ডি’আরর্কি শর্ট। তবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ক্ষেত্রে এখনো সবার ওপরে ওয়েড। তার অপরাজিত ১৩০ রান বিগ ব্যাশে হারিকেন্সের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
২০২৪-২৫ মৌসুমে হোবার্ট হারিকেন্সের প্রথম বিগ ব্যাশ শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ওয়েড।
তার অবসরে শুভেচ্ছা জানিয়েছে হোবার্ট হারিকেন্স। দলের কোচ জেফ ভন ওয়েডের প্রশংসা করে বলেন, দলে সবসময়ই এমন একজন ক্রিকেটারকে চাওয়া হয়, যিনি প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা নিয়ে খেলেন এবং দ্রুত ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন।
ভনের মতে, ওয়েড শুধু মাঠে পারফর্মই করেননি, সতীর্থদের নিজের অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞান দিয়ে সাহায্যও করেছেন। তার অসাধারণ ক্রিকেট মস্তিষ্ক এবং সেই জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা সতীর্থদেরও উপকৃত করেছে।
-স্বাধীন/এস
বিগ ব্যাশ থেকেও অবসর নিলেন ম্যাথু ওয়েড

