মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত ১০ নম্বর জার্সি কাউকে দেবেন না স্কালোনি
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে ১০ নম্বর জার্সি অন্য কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে মেসির বিদায়ের পর ভবিষ্যতে এই আইকনিক জার্সি অন্য কোনো খেলোয়াড় পরবেন বলে জানিয়েছেন তিনি।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি হবে আগামী ৭ অক্টোবর বুয়েনস আয়ার্সে বেনিনের বিপক্ষে। এর আগে আর্জেন্টিনার আরও দুটি প্রীতি ম্যাচ রয়েছে—বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে। এই দুই ম্যাচে মেসি থাকছেন না।
আগামীকাল বৃহস্পতিবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এসব ম্যাচে দলকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে আর্জেন্টিনার মূল খেলার ধরন বল দখলভিত্তিকই থাকবে।
মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনার খেলার ধরন নিয়েও ভাবছেন স্কালোনি। ৩৯ বছর বয়সী মেসির জায়গা পূরণ করা যে বড় চ্যালেঞ্জ, সেটি স্বীকার করলেও তিনি বাস্তবসম্মতভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলেছেন।
মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করেছেন স্কালোনি। এর আগে এই দুই স্ট্রাইকারকে নিয়মিত একসঙ্গে খেলাননি তিনি।
মেসির ১০ নম্বর জার্সি আপাতত কারও নয়
স্কালোনি জানিয়েছেন, মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কাউকে দেওয়া হবে না।
তিনি বলেন, এই ম্যাচগুলোতে ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত এটি কাউকে দেওয়া হবে না। তবে ভবিষ্যতে অবশ্যই কেউ এই জার্সি পরবেন, কারণ এটি পরা বিশেষ সম্মানের। এখনো অবশ্য নির্দিষ্ট করে কাউকে বেছে নেওয়া হয়নি।
আর্জেন্টিনার হয়ে মেসি ২০৭ ম্যাচে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর সময়ও তার গায়ে ছিল এই জার্সি।
চুক্তি বাড়ানোর পথে স্কালোনি
এদিকে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনির চুক্তির মেয়াদও বাড়তে পারে। চলতি বছরের ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করেছেন স্কালোনি। সেখানে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
স্কালোনি বলেন, আর্জেন্টিনার কোচ হিসেবে থাকার ইচ্ছা তার রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক বিষয় এবং দলের খেলাধুলার দিক—সবকিছু বিবেচনা করেই নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেসি-পরবর্তী আর্জেন্টিনা নিয়ে আশাবাদী স্কালোনি
মেসির বিদায়ের পরও আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে থাকবে বলে বিশ্বাস স্কালোনির। তার মতে, নতুন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে জাতীয় দলের হয়ে খেলার যথেষ্ট আগ্রহ ও ক্ষুধা রয়েছে।
স্কালোনির ভাষায়, আর্জেন্টিনা সব সময় প্রতিদ্বন্দ্বিতা করবে। নতুন প্রতিভাদের নিয়ে তিনি আশাবাদী এবং উচ্চ পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য দলের রয়েছে বলেও মনে করেন তিনি।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় সামনে রেখে তাই একদিকে যেমন তার ১০ নম্বর জার্সিকে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে, অন্যদিকে মেসি-পরবর্তী আর্জেন্টিনার জন্য নতুন পথও তৈরি করছেন স্কালোনি।
-স্বাধীন/এস
মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত ১০ নম্বর জার্সি কাউকে দেবেন না স্কালোনি

