জোটাকে নিয়ে কটূক্তি, দর্শকদের আজীবন নিষেধাজ্ঞা চান রোনালদো

প্রকাশঃ Sep 14, 2026 - 15:21
জোটাকে নিয়ে কটূক্তি, দর্শকদের আজীবন নিষেধাজ্ঞা চান রোনালদো

প্রয়াত সতীর্থ দিয়োগো জোটাকে নিয়ে দর্শকদের কটূক্তির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন আচরণের সঙ্গে জড়িত দর্শকদের আজীবনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পর্তুগিজ এই তারকা।

শনিবার সৌদি প্রো লিগে আল-তাওয়ুন ও আল-হিলালের ম্যাচে ঘটে ঘটনাটি। সৌদি আরবের বুরাইদাহে অনুষ্ঠিত ম্যাচে আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে গ্যালারি থেকে জোটার নাম নিয়ে কটূক্তিমূলক স্লোগান দেওয়া হয়।

২০২৫ সালের ৩ জুলাই স্পেনের জামোরায় সড়ক দুর্ঘটনায় নিহত হন দিয়োগো জোটা। একই দুর্ঘটনায় তার ভাই আন্দ্রে সিলভাও মারা যান। জোটার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নেভেস। এমনকি জোটার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজনও ছিলেন তিনি।

ম্যাচ চলাকালে গ্যালারি থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দর্শকদের জোটার নাম নিয়ে স্লোগান দিতে দেখা যায়। বিষয়টি নেভেসের নজরে এলে তিনি নিজের চোখের দিকে ইঙ্গিত করেন এবং পরে আকাশের দিকে হাত তোলেন।

ম্যাচ শেষে নেভেস বলেন, ‘আশা করি তারা এরপর প্রার্থনা করতে যাবে না।’

এরপর ভিডিওসহ ইনস্টাগ্রাম পোস্টে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মন্তব্য করেন রোনালদো। তিনি বলেন, ‘লিগ কর্তৃপক্ষের এখন ব্যবস্থা নেওয়া উচিত এবং এমন আচরণের জন্য দর্শকদের শাস্তি দেওয়া উচিত। এটা আর ফুটবল নয়, এখানে একটা সীমা থাকতে হবে।’

রোনালদোর মতে, এ ধরনের আচরণ করা দর্শকদের আর কখনো স্টেডিয়ামে প্রবেশের সুযোগ দেওয়া উচিত নয়।

ক্লাবগুলোর নিন্দা

ম্যাচটি ৬-০ গোলে জেতে আল-হিলাল। ৭৫ মিনিট খেলার পর নেভেসকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

ঘটনার পর আল-হিলাল ক্লাব কোম্পানি সৌদি আরব ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। ক্লাবটি জানিয়েছে, খেলোয়াড় ও তাদের পরিবারকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ বা অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আল-তাওয়ুনও পৃথক বিবৃতিতে ঘটনাটির নিন্দা জানিয়েছে। ক্লাবটি বলেছে, এমন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি ক্লাব, সমর্থক কিংবা গ্যালারির মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে এবং জড়িতদের জবাবদিহির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে আল-তাওয়ুন।

তদন্তের ঘোষণা ফেডারেশনের

দর্শকদের আচরণের নিন্দা জানিয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ) ও সৌদি প্রো লিগ (এসপিএল)।

যৌথ বিবৃতিতে সংস্থা দুটি জানায়, ম্যাচে কিছু দর্শকের আচরণ সৌদি ফুটবলের মূল্যবোধ ও ক্রীড়াসুলভ আচরণের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তাদের ভাষায়, ব্যক্তিগত কোনো দুঃখজনক ঘটনাকে অপমান বা উসকানির উদ্দেশ্যে ব্যবহার করা সৌদি ফুটবলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এসএএফএফ জানিয়েছে, সংশ্লিষ্ট কমিটি ইতোমধ্যে ঘটনাটি শনাক্ত করেছে। প্রযোজ্য বিধি ও প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত শেষ হলে ফলাফল জানানো হবে।


-স্বাধীন/এস

জোটাকে নিয়ে কটূক্তি, দর্শকদের আজীবন নিষেধাজ্ঞা চান রোনালদো
লোগো
Sep 14, 2026

জোটাকে নিয়ে কটূক্তি, দর্শকদের আজীবন নিষেধাজ্ঞা চান রোনালদো

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta