বৃষ্টির কল্যাণে কোয়ার্টার ফাইনালে আফগানিস্তান
এশিয়ান গেমস ক্রিকেটে শুক্রবার বড় হোঁচট খেয়েছিল আফগানিস্তান। তাদের দেওয়া ১০৩ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় নেপাল। এর আগে অবশ্য স্বাগতিক জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের যাত্রা শুরু করেছিল আফগানরা।
শনিবার নেপাল-জাপান ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় শেষ আট নিশ্চিত হয়েছে আফগানিস্তানের। গ্রুপ ‘এ’ থেকে বিদায় নিয়েছে স্বাগতিক জাপান। নেপাল ও আফগানিস্তান উঠেছে কোয়ার্টার ফাইনালে।
বৃষ্টিতে ভেসে গেল নেপাল-জাপান ম্যাচ
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে বৃষ্টির কারণে ম্যাচটি কমিয়ে ১৫ ওভারে আনা হয়। টস হেরে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে নেপাল। এরপর বৃষ্টি শুরু হলে আর খেলা মাঠে গড়ায়নি। ফলে ম্যাচটি পরিত্যক্ত হয় এবং ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় জাপানের।
নেপালের শুরুটা অবশ্য ভালো ছিল না। ৭ রানে কুশল ভুর্তেল ফিরে যাওয়ার পর সন্দীপ জোরা ও আসিফ শেখ ২৭ বলে ৫৫ রানের জুটি গড়েন। আসিফ ২১ রান করে ফেরার পর কুশল মাল্লা ২ এবং গুলশান ঝা ২ রান করে দ্রুতই সাজঘরে ফেরেন।
এরপর লোকেশ বামকে সঙ্গে নিয়ে ঝড় তোলেন জোরা। দুজন মিলে মাত্র ৩০ বলে ৬৫ রানের জুটি গড়ে নেপালকে বড় সংগ্রহ এনে দেন।
জোরা ৩২ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৭ রান করেন। অন্যদিকে লোকেশ মাত্র ২২ বলে ১টি চার ও ৬টি ছক্কায় করেন ৫৭ রান।
১৫ ওভারে ১৪৯ রান তুলেও অবশ্য ম্যাচের ফল পায়নি নেপাল। বৃষ্টির কারণে আর খেলা সম্ভব না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই শেষ হয় ম্যাচ।
কোয়ার্টারে কে কার মুখোমুখি
কোয়ার্টার ফাইনালে আগামী ২৮ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। একই দিনে পাকিস্তান খেলবে চায়না হংকংয়ের বিপক্ষে।
২৯ সেপ্টেম্বর নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। একই দিনে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে মালয়েশিয়ার।
গ্রুপপর্বে মালয়েশিয়া ও ওমানের ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় ওমানের।
-স্বাধীন/এস
বৃষ্টির কল্যাণে কোয়ার্টার ফাইনালে আফগানিস্তান

