ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ ইয়ামালের
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। ফরাসি ফরোয়ার্ডের আত্মবিশ্বাসী মন্তব্যের জবাবে ইয়ামাল জানিয়েছেন, গত মৌসুমে নিজের পারফরম্যান্স ও জেতা শিরোপার বিবেচনায় এবারের ব্যালন ডি’অর তাঁরই প্রাপ্য।
মুভিস্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, “আমার মতে, এমবাপ্পে আর আমিই এখন বিশ্বের সেরা দুই খেলোয়াড়। সত্যিই বিশ্বাস করি, বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আমরা দুজনই আছি। তবে এ বছর আমি যে শিরোপাগুলো জিতেছি, সেই বিচারে ব্যালন ডি’অরটা আমারই প্রাপ্য।”
গত মৌসুমে বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত ছন্দে ছিলেন ইয়ামাল। ৪৫ ম্যাচে তাঁর নামের পাশে ছিল ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট। তাঁর পারফরম্যান্সের ওপর ভর করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতে কাতালান ক্লাবটি।
জাতীয় দল স্পেনের হয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তরুণ এই ফরোয়ার্ড। ১২ ম্যাচে করেছেন এক গোল ও তিন অ্যাসিস্ট। একই সঙ্গে বিশ্বকাপজয়ী স্পেন দলেরও সদস্য ছিলেন তিনি।
তবে ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামাল কিংবা এমবাপ্পের চেয়ে এগিয়ে রাখা হচ্ছে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল ও আট অ্যাসিস্ট করেছেন তিনি। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কেইন।
সব মিলিয়ে এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে উত্তাপের কমতি নেই। ইয়ামাল, এমবাপ্পে ও কেইনের মতো তারকাদের মধ্যে শেষ হাসি কে হাসবেন, সেটিই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে।
এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা। ২০১৯ সালের পর থেকে নিয়মিত প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে অনুষ্ঠিত হয়ে আসছিল মর্যাদাপূর্ণ এই পুরস্কারের অনুষ্ঠান।
-স্বাধীন/এস
ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ ইয়ামালের

