সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। একই সঙ্গে দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলা এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
তবে সাকিবের এমন বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, সাকিবকে নিয়ে সরকারের আগের নমনীয় অবস্থান এখন আর নেই।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দেশে ফিরতে চান। আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও তিনি প্রস্তুত বলে জানান। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি।
২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশে ফেরেননি সাকিব। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তাকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়।
সাকিবের দেশে ফেরার আগ্রহের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এখন আর কোনো সুযোগ নেই। সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে তার অবস্থান থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনৈতিক অবস্থান নিয়েছেন। আমার মনে হয়, তার আর দেশে ফেরার কোনো সুযোগ নেই। আর যদি ফেরেনও, তাহলে তা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।’
আমিনুল হক বলেন, সরকার এতদিন সাকিবের বিষয়টি সহনশীলতা ও নমনীয়তার সঙ্গে বিবেচনা করেছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই অবস্থানের পরিবর্তন হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা এতদিন তাকে একজন ক্রিকেটার হিসেবেই দেখছিলাম, তাই কিছুটা নমনীয় ছিলাম। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। যে ব্যক্তি একজন স্বৈরশাসকের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন, তার ক্ষেত্রে আগের অবস্থান বজায় রাখার সুযোগ নেই বলে আমি মনে করি।’
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় তার আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ভাষায় ‘মিথ্যা’ মামলাগুলো প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। তবে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
এ ছাড়া দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও আলোচনা করতে চান বলে জানিয়েছেন সাকিব।
তবে সাকিবের বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে আসা প্রতিক্রিয়ায় ইঙ্গিত মিলছে, দেশে ফেরার ক্ষেত্রে তার সামনে আইনি জটিলতার পাশাপাশি রাজনৈতিক চ্যালেঞ্জও রয়েছে।
-স্বাধীন দিগন্ত/ এমএ
সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

