বিপিএল নিয়ে উচ্ছ্বসিত শান্ত, তরুণদের জন্য দেখছেন বড় মঞ্চ

প্রকাশঃ Sep 15, 2026 - 13:09
বিপিএল নিয়ে উচ্ছ্বসিত শান্ত, তরুণদের জন্য দেখছেন বড় মঞ্চ

বিপিএল সামনে এলেই আলাদা ধরনের রোমাঞ্চ অনুভব করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুধু বিনোদন বা প্রতিযোগিতার আয়োজন নয়, বরং ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার গুরুত্বপূর্ণ একটি মঞ্চ বলেই মনে করেন তিনি।

বিপিএলে বেশ কয়েক বছর ধরে খেলছেন শান্ত। টুর্নামেন্টটির অফিসিয়াল পেইজে প্রকাশিত এক ভিডিওতে নিজের অভিজ্ঞতা ও বিপিএলের গুরুত্ব নিয়ে কথা বলেছেন বাঁহাতি এই ব্যাটার।

শান্ত বলেন, প্রতি বছর বিপিএল শুরু হওয়ার খবর পেলেই তার মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি হয়। একজন ক্রিকেটারের ব্যক্তিগত পারফরম্যান্স ও ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

তার ভাষায়, ‘আল্লাহর রহমতে অনেক বছর ধরেই বিপিএলে খেলছি। প্রতিবছর যখন শুনি বিপিএল শুরু হতে যাচ্ছে, তখনই আলাদা একটা রোমাঞ্চ অনুভব করি। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি অনেক বড় একটি মঞ্চ। এখানে ভালো পারফর্ম করতে পারলে ব্যক্তিগতভাবে এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে।’

তবে শান্তর কাছে বিপিএলের গুরুত্ব শুধু ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও এই টুর্নামেন্ট বড় ভূমিকা রাখে বলে মনে করেন তিনি।

বিশেষ করে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য বিপিএলকে বড় সুযোগ হিসেবে দেখছেন জাতীয় দলের এই অধিনায়ক। তার মতে, প্রতি আসরেই নতুন কিছু ক্রিকেটার নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পান। সেখান থেকেই অনেকের সামনে জাতীয় দল কিংবা দেশের ক্রিকেটে জায়গা করে নেওয়ার পথ খুলে যায়।

শান্ত বলেন, ‘বাংলাদেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট। প্রতিবছরই দেখা যায়, বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান ক্রিকেটার এখানে খেলার সুযোগ পাচ্ছেন। এ কারণে আমাদের ক্রিকেটের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।’

বিপিএলের পরবর্তী আসর নিয়ে অনিশ্চয়তা থাকলেও টুর্নামেন্টটির গুরুত্ব নিয়ে শান্তর ভাবনায় কোনো পরিবর্তন নেই। তার মতে, দেশের ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরা এবং নিজেদের আরও পরিণত করে তোলার জন্য বিপিএলের মতো বড় মঞ্চের বিকল্প নেই।

-স্বাধীন/এস

বিপিএল নিয়ে উচ্ছ্বসিত শান্ত, তরুণদের জন্য দেখছেন বড় মঞ্চ
লোগো
Sep 15, 2026

বিপিএল নিয়ে উচ্ছ্বসিত শান্ত, তরুণদের জন্য দেখছেন বড় মঞ্চ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta