২১১ সদস্য সংস্থার কাছে ক্ষমা চেয়ে ফিফা সভাপতির চিঠি
বিশ্বকাপের স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রস্তাবসহ সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
স্প্যানিশ দৈনিক 'এএস'–এর প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফিফার জরুরি বৈঠকের পর সদস্য সংস্থাগুলোর কাছে এ চিঠি পাঠানো হয়। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনা এবং সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা।
চিঠিতে বলা হয়, বৈঠকের শুরুতে সফলভাবে বিভিন্ন বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা প্রশাসনের কাজের প্রশংসা করা হয়। পাশাপাশি বিভ্রান্তি দূর করতে ফিফার সাধারণ সম্পাদক ও বোর্ড সদস্যরা ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তাদের ভাষ্য, ফিফার ২১১টি সদস্য সংস্থার ভোটে নির্বাচিত একমাত্র প্রতিনিধি হিসেবে ইনফান্তিনো দায়িত্ব পালন করছেন।
এতে আরও বলা হয়, ইনফান্তিনোও তার ভিশন বাস্তবায়নে ফিফা প্রশাসনের ভূমিকার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
রাবাত বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে ফিফা জানায়, আজকের সিদ্ধান্তগুলো সংস্থার সুশাসন আরও শক্তিশালী করবে এবং ফিফার প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে। একই সঙ্গে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে ভবিষ্যতের বড় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।
চিঠিতে স্বত্ব বিক্রির উদ্যোগ প্রসঙ্গে বলা হয়, ‘আমরা স্বীকার করছি, নতুন প্রকল্প প্রস্তাবের ক্ষেত্রে কিছু ভুল হয়েছে। ফিফা কাউন্সিল ও সদস্য সংস্থাগুলোকে এ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া কখনোই আমাদের উদ্দেশ্য ছিল না। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর পরিস্থিতি সামাল দিতেও ত্রুটি ছিল। এসব অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
তবে একই সঙ্গে ফিফা সতর্ক করে জানায়, যেহেতু বিতর্কিত প্রস্তাবটি ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে, তাই ভবিষ্যতে ফিফার ভাবমূর্তি, সুশাসন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ক্ষতি হয়—এমন কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না। সংস্থার সুনাম রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চিঠির শেষাংশে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম বলেন, ‘অভিজ্ঞতা থেকেই শিক্ষা নেওয়া যায়। এই অভিজ্ঞতা আমাদের কার্যক্রম আরও উন্নত করতে সহায়তা করবে। ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে ২১১টি সদস্য সংস্থা, কনফেডারেশন ও আঞ্চলিক সংগঠনের সঙ্গে ফুটবলের উন্নয়নে আমরা কাজ চালিয়ে যাব।’
-স্বাধীন দিগন্ত/ এমএ
২১১ সদস্য সংস্থার কাছে ক্ষমা চেয়ে ফিফা সভাপতির চিঠি

