মেসির নবম ব্যালন ডি’অর চান বেকহ্যাম

প্রকাশঃ Sep 17, 2026 - 15:35
মেসির নবম ব্যালন ডি’অর চান বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন আর্জেন্টাইন তারকা। তার এমন পারফরম্যান্সের পর ব্যালন ডি’অরের দৌড়ে মেসির পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মিশেলোব আল্ট্রা ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ইন্টার মায়ামি। দলের দুই গোলেই সরাসরি অবদান রাখেন মেসি। প্রথম গোলটি করেন তিনি নিজেই। দ্বিতীয় গোলটি আসে তার বাড়িয়ে দেওয়া বল থেকে, যা কাসেমিরো হেডে জালে পাঠান।

ফাইনালের ফল ব্যালন ডি’অর নির্বাচনে সরাসরি কোনো প্রভাব ফেলবে না। তবে মেসির সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে পুরস্কারের দৌড়ে তার সম্ভাবনার পক্ষে অবস্থান জানিয়েছেন বেকহ্যাম। অ্যাপল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত এক বছরে মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

বেকহ্যামের মতে, বিশ্বকাপসহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মেসির পারফরম্যান্সই তার যোগ্যতার প্রমাণ। তার ভাষ্য, মেসি টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন এবং পুরো বছরজুড়েই দুর্দান্ত ফুটবল খেলেছেন।

মেসির বয়সের কথাও বিশেষভাবে উল্লেখ করেন বেকহ্যাম। তিনি বলেন, ৩৯ বছর বয়সে বিশ্বকাপে গিয়ে প্রতিটি ম্যাচে প্রভাব রাখা অসাধারণ ব্যাপার। হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের মতো তারকারা প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও মেসির প্রতি নিজের সমর্থনের কথা জানান তিনি।

নবম ব্যালন ডি’অরের অপেক্ষা

ব্যালন ডি’অরে মেসির আধিপত্য নতুন নয়। রেকর্ড আটবার এই পুরস্কার জিতেছেন তিনি। সম্প্রতি রেকর্ড ১৭তমবারের মতো মনোনয়ন পাওয়ার পর বেকহ্যাম মনে করছেন, মেসির ট্রফির সংখ্যা নয়টিতেও পৌঁছাতে পারে।

গত এক বছরে ক্লাব ও জাতীয় দল—দুই জায়গাতেই মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে। আর্জেন্টিনার হয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

সর্বশেষ বিশ্বকাপে মেসির পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। তার নামের পাশে ছিল ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। বিশ্বকাপের ইতিহাসে তিনটি ফাইনালে মূল একাদশে খেলা প্রথম খেলোয়াড়ও হন তিনি।

চলতি ২০২৬ মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। এমএলএসে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১৯ এবং অ্যাসিস্ট ১৩। গোল ও গোলে অবদান—দুই ক্ষেত্রেই শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সূত্র: ইএসপিএন


-স্বাধীন/এস

মেসির নবম ব্যালন ডি’অর চান বেকহ্যাম
লোগো
Sep 17, 2026

মেসির নবম ব্যালন ডি’অর চান বেকহ্যাম

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta