এশিয়া কাপ ট্রফি বিতর্কে নাকভির পাশে মোহাম্মদ ইউসুফ

প্রকাশঃ Sep 16, 2026 - 13:56
এশিয়া কাপ ট্রফি বিতর্কে নাকভির পাশে মোহাম্মদ ইউসুফ

মেয়েদের এশিয়া কাপের ফাইনালে ট্রফি বিতর্কের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ ইউসুফ।

গত রোববার ছেলেদের পর মেয়েদের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর আগে গত বছর সূর্যকুমার যাদবের নেতৃত্বে ছেলেদের এশিয়া কাপ জিতেছিল ভারত। তবে এসিসির প্রধান মহসিন নাকভি পাকিস্তানি হওয়ায় তার কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল।

দুই দেশের রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্কের টানাপোড়েনের প্রভাব এবার মেয়েদের এশিয়া কাপের ফাইনালেও দেখা গেছে। শিরোপা জয়ের পর ভারতীয় নারী দলের খেলোয়াড়রাও নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণের অনুষ্ঠানে অংশ নেননি।

ফাইনাল শেষে দীর্ঘ সময় পুরস্কার মঞ্চে অপেক্ষা করেন নাকভি। পরে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের রানার্সআপ মেডেল ও চেক তুলে দিয়ে তিনি মাঠ ছাড়েন।

এ ঘটনায় মহসিন নাকভির কোনো দোষ দেখছেন না মোহাম্মদ ইউসুফ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের আচরণের সমালোচনা করেন সাবেক এই ব্যাটার।

ভারতের মধ্যে ‘বিনয়ের অভাব’ রয়েছে মন্তব্য করে ইউসুফ লেখেন, ‘যখন জাতীয় গর্ব ঔদ্ধত্যে পরিণত হয়, বিজয় তখন পুরস্কার বা সম্মান এনে দেয় না। একটি দল হয়তো জিততে পারে, কিন্তু যে জাতির মাঝে বিনয় নেই, তারা পরাজিতই থেকে যায়! ট্রফি নয়, তাদের মাথা থাকে পায়ের তলায়। ভালো করেছেন মহসিন নাকভি।’

এভাবেই মেয়েদের এশিয়া কাপের ফাইনালে ট্রফি বিতর্কে নাকভির পাশে দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মোহাম্মদ ইউসুফ।

-স্বাধীন/এস

এশিয়া কাপ ট্রফি বিতর্কে নাকভির পাশে মোহাম্মদ ইউসুফ
লোগো
Sep 16, 2026

এশিয়া কাপ ট্রফি বিতর্কে নাকভির পাশে মোহাম্মদ ইউসুফ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta