রাফিনিয়ার ব্যালন ডি’অর প্রার্থী ইয়ামাল

প্রকাশঃ Sep 18, 2026 - 15:41
রাফিনিয়ার ব্যালন ডি’অর প্রার্থী ইয়ামাল

নিজের পছন্দের ব্যালন ডি’অর প্রার্থী বেছে নিতে খুব বেশি সময় নেননি বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তার চোখে এবারের পুরস্কারের সবচেয়ে যোগ্য দাবিদার সতীর্থ লামিন ইয়ামাল।

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পেলেও ইয়ামালের একটি পোস্টে মন্তব্য করে নিজের সমর্থন স্পষ্ট করেছেন রাফিনিয়া। সেখানে তিনি লিখেছেন, “তুমি একজন অসাধারণ প্রতিভা। ব্যালন ডি’অরের জন্য তুমিই আমার প্রার্থী।”

ইয়ামালের প্রতি রাফিনিয়ার সমর্থন অবশ্য নতুন নয়। বার্সেলোনার ড্রেসিংরুমে তরুণ এই তারকার পক্ষে রয়েছে শক্ত সমর্থন। কোচ হ্যান্সি ফ্লিক, ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা এবং সহসভাপতি রাফা ইউস্তে আগেই ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনার কথা বলেছেন।

কিশোর বয়সেই ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন ইয়ামাল। পুরস্কারের ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিজয়ী হওয়ার লক্ষ্যও রয়েছে তার। এবারের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে ২৬ অক্টোবর লন্ডনে।

এদিকে ইয়ামালকে নিয়ে রাফিনিয়ার মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক বক্তব্যের পর।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে এবারের ব্যালন ডি’অর জয়ের বিষয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। তার দাবি, বর্তমান সময়টা তার জন্য পুরস্কার জয়ের সবচেয়ে উপযুক্ত। নিজের পারফরম্যান্সকেই তিনি দাবির প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরেছেন।

এর আগে একাধিকবার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন এমবাপ্পে। তার মতে, চলতি মৌসুমে তার চেয়ে ভালো পারফরম্যান্স আর কোনো খেলোয়াড় করতে পারেননি।

ফলে পুরস্কার ঘোষণার আগে ইয়ামাল, এমবাপ্পেসহ সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও জমে উঠেছে।

-স্বাধীন/এস

রাফিনিয়ার ব্যালন ডি’অর প্রার্থী ইয়ামাল
লোগো
Sep 18, 2026

রাফিনিয়ার ব্যালন ডি’অর প্রার্থী ইয়ামাল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta