নিরাপত্তা নিশ্চিত হলে আনন্দের সঙ্গেই দেশে ফিরব: রয়টার্সকে সাকিব
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে চান ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি বলেছেন, দেশে ফিরে হত্যা মামলাসহ তার বিরুদ্ধে থাকা সব অভিযোগের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও তিনি প্রস্তুত।
শুক্রবার (৭ আগস্ট) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, তিনি কোনো ‘অন্যায় করেননি’। তাই দেশে ফিরে আদালতের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করতে চান। নিরাপত্তা নিশ্চিত করা হলে আনন্দের সঙ্গেই দেশে ফিরবেন বলেও জানান তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। টেলিফোনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেননি। দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছাও রয়েছে তার।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এরপর আর দেশে ফেরেননি তিনি।
রয়টার্সকে সাকিব বলেন, সরকার যদি তার নিরাপত্তা নিশ্চিত করার কথা জানায়, তাহলে তিনি আনন্দের সঙ্গে দেশে ফিরবেন এবং আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়ার মুখোমুখি হবেন। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি।
তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান। তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘ক্যাপ্টেন যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি।’
বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন সাকিব। এর পর বাংলাদেশে তার খালি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সাকিব বলেন, সংবাদ সম্মেলনে তিনি শুধু ‘শান্তি এবং বাংলাদেশের উন্নতির কথা’ বলেছেন। এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই।
সাকিব জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের কাছে চিঠি দিয়ে তার ভাষায় ‘বানোয়াট’ মামলাগুলো প্রত্যাহারের আবেদন করেছিলেন। তবে সেসব চিঠির কোনো জবাব পাননি।
দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও কথা বলতে চান বলে জানিয়েছেন সাকিব। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
-স্বাধীন দিগন্ত/ এমএ
নিরাপত্তা নিশ্চিত হলে আনন্দের সঙ্গেই দেশে ফিরব: রয়টার্সকে সাকিব

