এ বছর বিপিএল হবে না: তামিম ইকবাল
এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে এসে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
বিপিএল আয়োজনের বিষয়ে তামিম বলেন, ‘আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হবে না।’
বিপিএলের সময় বিকল্প কিছু আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। তামিম জানান, এ নিয়ে একটি ফর্মুলা নিয়ে কাজ চলছে। পরিকল্পনার ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হলে ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার কীভাবে সাজানো হবে, তা জানানো হবে। তার মতে, এবারের পরিকল্পনা হবে ভিন্ন ও রোমাঞ্চকর।
লোকসান দিয়ে বিপিএল আয়োজন চালিয়ে যেতে চান না তামিম। তিনি জানান, গত দুই বছরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে সরে গেলে বা নির্ধারিত শর্ত পূরণ করতে না পারলে শেষ পর্যন্ত বিসিবিকেই সেই দলের দায়িত্ব নিতে হয় বলে জানান তিনি।
তামিম বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান নয়। এসব সমস্যার সমাধান না করে লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।
তবে বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। ভালোভাবে আয়োজনের জন্য প্রয়োজনে সময় নিতে চান তিনি। তামিম বলেন, বিপিএল আয়োজনের ইচ্ছা তাদের ‘১০০০ শতাংশ’ আছে। তবে তাড়াহুড়া না করে সঠিকভাবে আয়োজন করতে চান। এজন্য ছয় মাস বা এক বছর সময় লাগলেও তা নেওয়ার কথা জানান তিনি।
বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতি হবে এটিও স্বীকার করেন তামিম। তিনি জানান, খেলোয়াড়দের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তার মতে, ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও টুর্নামেন্টটি এমনভাবে আয়োজন করা জরুরি, যাতে বিসিবি ও খেলোয়াড়রা সেটি নিয়ে গর্ব করতে পারেন।
তামিমের ভাষ্য, বিপিএল একটি বড় ক্রিকেট পণ্য এবং এটি নিয়ে দর্শক-সমর্থকদের ব্যাপক আগ্রহ রয়েছে। টুর্নামেন্টটি সঠিকভাবে আয়োজন করতে পারলে সেই আগ্রহ আরও বাড়বে।
-স্বাধীন/ এমএ
এ বছর বিপিএল হবে না: তামিম ইকবাল

